তাহিরপুরে নৌকাডুবিতে নিখোঁজ ৪ জনের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর ধাওয়া বিলে নৌকাডুবির ঘটনায় ৫ বছরের শিশু সাজনা বেগমকে হাওরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী। নিহত সাজনা বেগম বিশ্বম্ভরপুর উপজেলার শান্তিগঞ্জ গ্রামের সুনাহর মিয়ার মেয়ে।
তাহিরপুর থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, নৌকাডুবির ঘটনাস্থল থেকে ৭শ’ গজ দূরে লোহাচুরা গ্রামের সস্মুখে পানিতে ভাসমান অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৯ টায় নিহতের মরদেহ উদ্ধার করেছে ্এলাকাবাসী। সিলেট থেকে আসা ৫ সদস্যের ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েছে তবে তারা নিখোঁজ কাউকে উদ্ধার করতে পারেনি। নৌকাডুবিতে অপর নিখোঁজরা হলো, বিশ্বম্ভরপুর উপজেলার সুনাই মিয়ার মেয়ে, মেহের জামান মিয়ার মেয়ে তানহা (৬) ও তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের হারুন মিয়া (৫৭)। জানা যায়, বৃহস্পতিবার      বেলা পৌনে ২টায় বিশ্বম্ভরপুর উপজেলা শান্তিপুর থেকে কনেপক্ষ বরপক্ষের বৌভাত অনুষ্ঠানে তাহিরপুর উপজেলার দক্ষিণকূল গ্রামে যাওয়ার জন্য রওয়ানা হন। ট্রলারে যাত্রী ছিল ৪০ জন। তাহিরপুর উপজেলার ধাওয়া বিলে যাওয়া মাত্রই দমকা হাওয়ার কবলে পড়ে প্রায় ৪০ জন যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। নৌকার অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ৪ জন যাত্রী নিখোজ হয়।
উদ্ধার কাজে নিয়োজিত ঘটনাস্থলে থাকা তাহিরপুর থানার এসআই আমির উদ্দিন বলেন, নিখোঁজ ৪ জনের মধ্যে সাজনা বেগম(৫) কে শুক্রবার সকাল সাড়ে ৯টায় উদ্ধার করেছে এলাকাবাসী। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।