তাহিরপুরে পর্যটকদের মোটর সাইকেলের ধাক্কায় দুই শিশু গুরুতর আহত

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে পর্যটন স্পটগুলোতে ঘুরতে আসা একদল পর্যটকের মোটরসাইকেলের ধাক্কায় দুই শিশু গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত শিশুরা হলো মো. এবাদউল্লাহ (৫) ও তার বড় বোন মোছা. কুলসুমা বেগম (৭)। তারা উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট সড়ক পাড়ার মো. মনিরুজ্জামানের ছেলে ও মেয়ে। জানা যায়, শনিবার দুপুরে নেত্রকোনা জেলার বারহাট্টা থানার দুর্গাপুর সাদুপাড়া গ্রামের মো. রজব আলী মাস্টারের ছেলে আনোয়ার হাসানের নেতৃত্বে ৭টি মোটর সাইকেল যোগে মোট ১৪ জন পর্যটক টাঙ্গুয়া হাওর দেখতে আসেন। একপর্যায়ে বালিয়াঘাট নতুন বাজার থেকে টাঙ্গুয়া হাওরে যাওয়ার পথে বালিয়াঘাট গ্রামের সামনের রাস্তায় দুই শিশুকে ধাক্কা দেয়। এতে দুই শিশু পাকা রাস্তায় পরে গুরুতর আহত হয়। পরে শিশুদের আত্মীয় স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য এখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
তাহিরপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান, আহত দুই শিশুর মাথা, কপালে, নাকে ও পায়ে গুরুতর জখম হয়েছে।
ট্যাকেরঘাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ এ এস আই আবু মোসা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত দুই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, আহত শিশুদের পরিবার থেকে থানায় এখনও কোন অভিযোগ দেয়া হয়নি। তবে, শিশুদের পরিবারের লোকজন পর্যটকদের ৭ টি মোটরসাইকের মধ্যে ১টি মোটরসাইকেল আটক করে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়িতে জিম্মা রেখেছেন।