তাহিরপুরে সামাজিক ছাত্র সংগঠন রিজিওনাল কো-অপারেটিভ এসোসিয়েশনের (আরসিএ) উদ্যোগে সোমবার থেকে নতুন করে শুরু হলো এই পাঁচ শিক্ষার্থীর নতুন শিক্ষা জীবন। ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করানো হলো আয়েশা আক্তার, রুনা আক্তার, শারমিনা আক্তারকে এবং ২য় শ্রেণিতে ভর্তি করানো হলো রানাকে ও ১ম শ্রেণিতে রায়হানকে। দারিদ্রতার কাছে হার মেনে নিয়েছিলেন অসহায় বাবা মা, বন্ধ হয়ে গিয়েছিলো এদের পড়ালেখা।
আর সি এ-এর সদস্যদের সার্বিক সহযোগিতায় এবং ট্যাকেরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোনালিসা ম্যাডামের আন্তরিকতায়ই এদেরকে বিদ্যালয়ে ভর্তি করা হয়। নতুন করে সন্তান স্কুলে ভর্তি করার পর শিশুদের অভিভাবকেরা জানিয়েছেন, তারা তাদের সন্তানদেরকে বাল্য বিবাহ দিবেন না এবং শত কষ্ট করে হলেও এদের পড়ালেখা চালিয়ে যাবেন।
আর সি এ-এর
উপদেষ্টা সজীব আহমেদ বলেন,‘ আমরা যদি এসব স্কুল ঝরে পড়া ছাত্র ছাত্রীদের খোঁজ খবর না রাখি এবং তাদের চিন্তা মাথা থেকে ছেড়ে দেই। তারা কিন্তু সমাজকে ছেড়ে দিবে না। সমাজের উন্নয়নের পথে তারা ঠিকই বোঝা হয়ে দাঁড়াবে। তাই সমাজের সার্বিক উন্নয়নের স্বার্থে এসব ঝরে পরা শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।’
আরসিএ-এর এই উদ্যোগের প্রশংসা করে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন বলেন, ‘এই ধরনের কাজকে আমরা স্বাগত জানাই এবং এক্ষেত্রে আমরা প্রশাসিকভাবে তাদেরকে সকল প্রকার সহযোগিতা করার চেষ্টা করব।’ (প্রেস বিজ্ঞপ্তি)


