স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠ্যাভাস উন্নয়ন কর্মসূচীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা, বাগলি উচ্চ বিদ্যালয়, তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, জনতা উচ্চ বিদ্যালয় সহ সেকায়েপ ভূক্ত ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানে এ মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে ৪ হাজার ২৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে সনদ ও বই পুরষ্কারের ব্যবস্থা রয়েছে বলে জানান পাঠ্যাভাস উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অফিসার তাপস বিশ্বাস।
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তৃণা হাসান বলেন,‘ বই পড়লে জ্ঞান বাড়ে তাই বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠ্যাভাস উন্নয়ন কর্মসূচীর সদস্য হয়েছি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই এনে পড়তে পারি।
জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম বলেন,‘ছাত্র ছাত্রীদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি পেয়েছে প্রকল্পটি সরকারের একটি সময়োপযোগী কার্যক্রম।
তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমা কান্ত দেবনাথ বলেন,‘বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি চালু হওয়ায় ছাত্র ছাত্রীদের মধ্যে বই পড়ার যথেষ্ট আগ্রহ বৃদ্ধি পেয়েছে।’


