স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্যার্ত চারশ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদে শনিবার এই চিকিৎসাসেবা প্রদানের আয়োজন করা হয়। এই আয়োজনে সহযোগী ছিল জেলা স্বাস্থ্য বিভাগ ও জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
বেলা ১১টায় চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ। বিকাল চারটা পর্যন্ত চিকিৎসকেরা চারশ মানুষকে চিকিৎসাসেবা দেন।
উদ্বোধনী কথায় সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ বন্যার্তদের উদ্দেশে বলেন,‘সরকার মানুষের পাশে আছে। সেই সঙ্গে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিও মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রথম আলো একটি সংবাদপত্র হয়েও সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের দুর্ভোগ-দুর্দশায় সব সময় পাশে দাঁড়ায়। এটি সব মহলে প্রশংসিত।’
চিকিৎসাসেবা দেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. ননী ভূষণ তালুকদার, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ রুমী, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার, ডাক্তার মহিউদ্দিন বিপ্লব।
সেবা কার্যক্রমে সহযোগিতা করেন প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এরিয়া ম্যানেজার জিয়াউর রহমান তালুকদার, বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. বাবুল হোসেন, প্রথম আলো বন্ধুসভার সভাপতি রাজু আহমেদ, সহসভাপতি মো. হায়দার আলী ও প্রদীপ পাল, সদস্য আশরাফুজ্জামান বাবলু, রাজীব দেব, আসাদুজ্জামান প্রিয়ম, সাহাব উদ্দিন, সোহাগ সরকার, জাকের আহমদ এবং তাহিরপুর থানার পুলিশ সদস্যরা।
চিকিৎসাসেবা পেয়ে বালিজুরী গ্রামের আদরজান বিবি (৭০) বলেন,‘১৫দিন ধরাই পেটে সমস্যা। টাকা নাই, তাই ডাক্তার দেখাইতাম পাররাম না। আজকু দেখাইলাম, ওষুধও পাইলাম। খুব ভালা লাগের।’
আনোয়ারপুর গ্রামের তোলা মিয়া তার বৃদ্ধ মা রংবানুকে (৬৫) নিয়ে এসেছিলেন ডাক্তার দেখাতে। পরে তিনি বলেন,‘জমির ধান নষ্ট অওয়ার পর হাতে একটা টেখা নাই। একবেলা খাইলে আরেক বেলা উপাস থাকি। মায়েরে কিলা ডাক্তার দেখাইতাম খইন।’


