স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানী কার্যক্রম শুরু হয়েছে। শনিবার উপজেলার শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ ও বড়দল দক্ষিণ ইউনিয়নে পৃথকভাবে গণশুনানিতে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। ২০২২—২০২৩ অর্থ বছরের হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত/সংস্কার/স্কীম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানি কার্যক্রমে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য, প্রতিটি ইউনিয়নের কৃষক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, পানি উন্নয়ন বোর্ডের তাহিরপুরে কর্মরত উপসহকারী প্রকৌশলী মো. শওকতউজ্জামান, উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য আমিনুল ইসলাম, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী ইউনূছ আলী, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বজলুর রহমান, উপজেলা যুব মহিলালীগ সভাপতি আইরিন বেগম প্রমুখ।
গণশুনানিতে বিগত বছরের পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন প্রকল্পের পাশাপাশি হাওর এলাকার কৃষকদের দাবির প্রেক্ষিতে নতুন নতুন প্রকল্পের সুপারিশ গ্রহণ করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের পাশাপাশি দেশের অন্যতম রামসার সাইট টাঙ্গুয়া হাওরের জীববৈচিত্র্য রক্ষায়ও আমাদের কাজ করতে হবে। এ লক্ষে আমাদের সবাইকে সচেতন হতে হবে।


