তাহিরপুরে বাঁধ পরিদর্শনে প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্যবৃন্দ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার শনির হাওর ও মহালিয়া হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন তাহিরপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্যবৃন্দ।
সোমবার দিনব্যপী তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর নেতৃত্বে ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ছিলেন, তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান।
পরিদর্শক দল শনির হাওরের ৮নং, ৯ নং, ১২নং ও ১৩ নং প্রকল্প পরিদর্শন করেন।
শনির হাওরের ১২নং প্রকল্প বাবলু তালুকদার ও ১৩নং প্রকল্প আইরিন আক্তার ফসল রক্ষা বাঁধে আগাছার উপর মাটি ফেলা দেখে প্রকল্প এলাকায় উপস্থিত পরিদর্শক দল কাজের অসন্তোষ প্রকাশ করেন।
এমাতাবস্থায় প্রকল্প দায়িত্বশীলদের বলে দেয়া হয় বাঁধের উপর আগাছা পরিস্কার করে বাঁধে মাটি ফেলার নির্দেশ দেয়া হয় এবং স্তরে স্তরে মাটি ফেলে দুর্মূজ করার নির্দেশনা দেয়া হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, বাঁধ নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত উপজেলার সবকটি হাওরে প্রতিদিন তদারকি করা হবে।