তাহিরপুরে বিধবাকে অপহরণ করে সীমান্তের ওপারে নিক্ষেপ

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে এক বিধবা নারীকে অপহরণের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে বিধবার দেবর থানায় এই মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খলিশাজুরী গ্রামের মৃত ইছব আলীর ছেলে পল্লি চিকিৎসক সাফিউল আলম (৩৫), একই গ্রামের মৃত মিয়াকুব আলীর ছেলে সইফুল মিয়া (৪২), নজরুল ইসলামের ছেলে রেফাউল মিয়া (২২), মৃত জাবিদ আলীর ছেলে আব্দুল কদ্দুছ (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খলিশাজুরী গ্রামের ৪ সন্তানের জননী ওই বিধবা নারী একই গ্রামের শাফিউল আলমের মায়ের কাছ থেকে কয়েক বছর আগে ৩০ শতক বসতবাড়ি রকম জায়গা ক্রয় করেন। ক্রয়কৃত জায়গার দলিল সম্পাদনের আগে শাফিউল আলমের মা মৃত্যুবরণ করেন। শাফিউল আলমের মায়ের বিক্রয় করা বসত বাড়ির জায়গার দলিল লিখে দেয়ার জন্য একাধিকবার গ্রাম্য সালিস ডাকলে শাফিউল ও তার লোকজন ক্ষিপ্ত হয়। এর জের ধরে গত বুধবার রাতে টিউবওয়েলে পানি আনতে গেলে ওই বিধবাবে অপহরণ করে তাহিরপুর সীমান্তের ওপারে ভারতের কাটাতারের বেড়ার বেষ্টনির ভেতরে ফেলে রেখে আসে । ওপার থেকে ভারতীয় লোকজনের আশ্রয়ে থাকা অবস্থায় অপহরণের ৬ দিন পর গত সোমবার দুপুরে বিধবা নারীকে সীমান্তের বড়ছড়া শুল্কষ্টেশনের কাছ থেকে বিজিবি ও থানা পুলিশ উদ্ধার করে।
উদ্ধারের পর অপহরণের শিকার বিধবা নারী সুনামঞ্জ চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি প্রদান করেন।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, প্রাথমিক তদন্তে অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্ত আসামীদের দ্রুত গ্রেফতার করতে পুলিশ চেষ্টা করছে।