স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে কালোবাজারে পাচারকালে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ ভিজিএফের ৭ বস্তা চালসহ দু’জনকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
এ ঘটনায় জড়িত শ্রীপুর উত্তর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্যা মিনারা খাতুন ও লালঘাট গ্রামের চাল বিক্রেতা আম্বিয়া খাতুনকে বৃহস্পতিবার বিকেলে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
শ্রীপুর উত্তর ইউনিয়নের ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়। আমার ওয়ার্ডের চাল আমি সঠিকভাবে বিতরণ করেছি।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সচিব প্রশান্ত সরকার জানান, মঙ্গলবার শ্রীপুর উত্তর ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ৬৩০ বস্তা চাল বিতরণের জন্য উপজেলা খাদ্য গোদাম থেকে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। সে লক্ষে প্রতি ৫০ কেজির বস্তা ১০ কেজি করে ৫ জনকে দেয়ার সিদ্ধান্ত হয়। সে লক্ষে ইউপি সদস্যগণ তাদের হিস্যা অনুযায়ী চালের বস্তা বন্টন করার জন্য তারা তাদের এলাকাতে নিয়ে যান। চাল বন্টন তো ইউনিয়ন পরিষদ থেকে হবে? ইউপি সদস্যদের ভাগ করে দিলেন কেন? এমন প্রশ্ন তিনি এড়িয়ে যান।
তাহিরপুর থানার এসআই খায়রুল ইসলাম জানান, শ্রীপুর উত্তর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্যা মিনারা খাতুনের ওয়ার্ডের চাল তিনি পরিষদ থেকে গ্রহণ করে তার ওয়ার্ডে বিতরণের জন্য নিয়ে যান। গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে লালঘাট গ্রামের চাল বিক্রেতা আম্বিয়া খাতুনের ঘর থেকে ৭ বস্তা চাল আটক করা হয়।
তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলায় ৪ জনকে আসামী করা করা হবে বলেও তিনি জানান।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, এ ঘটনায় জড়িত দু’জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- শান্তিগঞ্জে জাতীয়তাবাদী প্রজন্ম দলের ইফতার ও দোয়া
- উপজেলা চেয়ারম্যানসহ ২৫ জনকে আসামী করে থানায় মামলা


