স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে প্রধানমন্ত্রীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন ইউএনও সুপ্রভাত চাকমা।
তাহিরপুর উপজেলায় এ পর্যন্ত ২৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বালিজুরি ইউনিয়নে আরও ৫০টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।
ঘর পেয়ে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের দ্বীপচর গ্রামের শিউলি বেগম বলেন, ঘর বাঁধার জন্য আমার হাতে কোন টাকা পয়সা ছিল না। বিনা টাকায় ঘর পামু কখনও আশা করি নাই। প্রধানমন্ত্রী আমাকে ঘর দেয়ায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দুই হাত তুলে আল্লাহর নিকট দোয়া করি, আল্লাহ যেন উনাকে সুস্থ রাখেন।’
গুটিলা গ্রামের প্রতিবন্ধী রুবেল মিয়া বলেন, আমার কোন বাড়িঘর নাই। সিলেট শহরে থেকে কামকাজ কইরা সংসার চালাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘর দেয়ায় আমি শেখ হাসিনার জন্য আল্লাহর নিকট দোয়া চাই।
এসময় প্রধানমন্ত্রীর সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান রনি, থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, বালিজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা অশিষ আচার্য্য, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মো.কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান লাকসাব, নবাব মিয়া, মইনুল হক, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, শওকত হাসান, মনিরাজ শাহ, শঙ্কর চন্দ প্রমুখ।


