স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামের সার্বজনীন কালী মন্দিরের দুইটি কালী মূর্তি বৃহস্পতিবার রাতে ভাংচুর করা হয়েছে। পুলিশ প্রশাসন ও স্থানীয়দের দাবি এলাকায় সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করার জন্য বা পতিপক্ষকে হয়রানী করার জন্য কেউ হয়তো এই কাজ করেছে।
খবর পেয়ে শুক্রবার দুপুরে তাহিরপুর থানার এসআই আনোয়ার হোসেন ও বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্য অজয় চন্দ্র রায় মন্দির পরিদর্শন করেছে। পরে বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ সদর ও তাহিরপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার কানন দেবনাথ ও তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর।
পৈলনপুর গ্রামের কালী মন্দিরের সেবায়েত সুনামগঞ্জের খবরকে জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার মন্দিরের দরজা বন্ধ করে ঘুমোতে যান তারা। শুক্রবার ভোরে মন্দিরে প্রণাম করতে গিয়ে দেখেন দরজা খোলা, তালা ভাঙা ও মন্দিরের ভিতরে থাকা দুটি মূর্তি নেই। কালী মন্দিরের সামনে একটি মূর্তি মন্দিরের সামনে কিছু ভাঙা অংশ দেখতে পান। পরে পাশের বাড়ির সামনের নদীর পাড়ে মূর্তির একটি অংশ পাওয়া যায়। কিন্তু শুক্রবার সারাদিনেও অপর একটি কালী মূর্তির কোন সন্ধান পাওয়া যায় নি।
আশপাশের বাসিন্দারা মনে করছেন, কালী দেবতার অপর মূর্তি দুর্বৃত্তরা দূরে কোথাও বা নদীতে নিয়েও ফেলে দিতে পারে।
এরিপোর্ট লেখা পর্যন্ত শুক্রবার রাতে মন্দিরের পক্ষে সেবায়েত থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিশ কর্মকর্তাগণ মন্দির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, মন্দিরের ভূমি মালিক কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটির সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, বাদাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, পৈলনপুর গ্রামের কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মঈন উদ্দিন, সমাজসেবক আবুল হোসেনসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘটনাস্থল পরিদর্শনের সময় পুলিশ কর্মকর্তাগণ স্থানীয় গ্রামবাসীসহ এলাকার লোকজনের সাথে কথা বলেন। কি কারণে এই এবং কেন এই ঘটনা ঘটেছে বা মন্দির নিয়ে কোন বিরোধ রয়েছে কিনা তা স্থানীয়দের কাছে জানতে চান তারা।
উপস্থিত সবাই জানান, কালী মন্দির নিয়ে গ্রামে কোন বিরোধ নেই। বা গ্রামের মুসলমানদের সাথেও হিন্দুদের কোন ঝামেলা নেই, অতীতেও এধরনের কোন কিছু ছিল না। গ্রামের সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ।
মন্দিরের সেবায়েত রথিন্দ্র চন্দ্র দেব জানান, এই কালী মন্দির সার্বজনীন এবং বহু বছরের পুরোনো। এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন ছাড়াও মুসলিম সম্প্রদায়ের লোকজনও এই মন্দির বা পূজায় নানা ভাবে সহযোগিতা করেন। মন্দির নিয়ে কারো সাথে তাদের কোন বিরোধ নেই।
উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন,‘কালী মন্দিরের দুইটি মুর্তি ভাঙার ঘটনায় আমরা খুবই মর্মহত। পৈলনপুর গ্রামের কেউ এই কাজ করতে পারে বলে আমার মনে হয় না। কারণ গ্রামের হিন্দু-মুসলনমান সবাই ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছেন।’
বাদাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন,‘ বাহিরের কোন দুষ্কৃতিকারী ও অপশক্তি এলাকার পরিবেশ উত্তপ্ত করার জন্য এই কাজ করতে পারে। বিষয়টি বিশেষভাবে তদন্ত করে দেখা প্রয়োজন।’
কালী মন্দিরের ভূমি মালিক শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটির সভাপতি করুণা সিন্ধু চৌধুরী বাবুল জানান, পৈলনপুর গ্রামের হিন্দু-মুসলমান যুগযুগ ধরেএকত্রে বসবাস করে আসছেন। কারো মধ্যে কোন বিরোধ বা দ্বন্দ্ব নেই। কারা এই ঘটনা ঘটিয়েছে, কেউ-ই এটি বুঝতে পারছেন না। পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।’
কালী মন্দিরের প্রতিবেশী গ্রামের কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মঈন উদ্দিন বলেন,‘আমরা এই ঘটনায় এলাকার হিন্দু-মুসলমান সকলেই হতভম্ব হয়েছি। এই গ্রামে অতীতে এধরনের কোন ঘটনা ঘটেনি।’
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, পৈলনপুর গ্রামে দীর্ঘদিন ধরে সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। এলাকার পরিবেশ উত্তপ্ত করার জন্য কোন দুষ্কৃতিকারী বা প্রতিপক্ষকে হরয়ানী করার জন্য কেউ এই কাজ করতে পারে। মূর্তি ভাংচুরের বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় কারা জড়িত খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। যে বা যারাই জড়িত থাকুক আইনের আওতায় আনা হবে।’
- বই আলোচনা- স্মৃতি-বিস্মৃতি: নানা প্রসঙ্গ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কর্মী সম্মেলন- উন্নয়নের নামে দেশ সাম্রাজ্যবাদী ঋণের জালে আবদ্ধ -শাহজাহান কবির


