তাহিরপুরে শ্রী অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটির সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘সব তীর্থের সেরা তীর্থ, হে মোর পণতীর্থ’- প্রাচীন লাউড় রাজ্যের নবগ্রামে বর্তমান তাহিরপুর উপজেলার রাজারগাঁও-এ শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধামে মন্দির পরিচালনা নব নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসকের মন্দির পরিদর্শন ও মন্দির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রদান করায় কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটির সভাপতি করুণাসিন্ধু চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কানন বন্ধু রায়ের পরিচালনায় সভার শুরুতে গীতা পাঠ করেন নারায়ন চক্রবর্তী। সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। মন্দির পরিদর্শন করে রাস্তাঘাট যোগাযোগ, নদীভাঙ্গন রোধসহ সার্বিক উন্নয়নের জন্য          আন্তরিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন প্রদান করায় সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম মহোদয়কে কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
জেলা প্রশাসক গত ৫ আগষ্ট শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম পরিদর্শন করে যোগাযোগ, নদীভাঙ্গন থেকে নদী রক্ষাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি মন্দিরের সাথে সড়ক যোগাযোগ উন্নয়ন, নদী ভাঙ্গন থেকে রক্ষা, মন্দিরের ভূমি বেদখল থেকে পূনঃরুদ্ধারসহ সার্বিক উন্নয়ন বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন প্রদান করেন। এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ মন্দিরের সাথে রাস্তাগুলোর উন্নয়ন প্রকল্প প্রণয়নের জন্য বিশ্বম্ভরপুর-তাহিরপুর উপজেলার প্রকৌশলীগণকে নির্দেশ দেন।
জানা যায়, প্রকল্প প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে পানি উন্নয়ন বোর্ড মন্দির নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য পরিকল্পনা করছেন। সড়ক ও জনপদ বিভাগও এ ব্যাপারে কাজ করছেন। কমিটির পক্ষ থেকে উক্ত কর্তৃপক্ষকেও আন্তরিকভাবে প্রস্তাবিত কাজ করার জন্য এগিয়ে আসায় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আগামীকাল রবিবার শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথের জেলা নির্বাহী প্রকৌশলী পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলীর সাথে এ ব্যাপারে সৌজন্য সাক্ষাৎ করার জন্য সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ হয়। এছাড়াও সভায় মন্দির উন্নয়নে মহা-পরিকল্পনা বিষয়, মন্দিরের ভূমি সংক্রান্ত বিষয় ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয় এবং সে মোতাবেক সিদ্ধান্তও গৃহিত হয়। সভায় জেলা ও বিভিন্ন উপজেলা সহ শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।