স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার চাঞ্চল্যকর সাকিব হত্যা মামলার এজাহারনামীয় একজন সহ ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোশাহিদ তালুকদার এই হত্যা মামলার ৩ নাম্বার আসামী ও বুলবুল আহমদে নামের অপরজনকে হত্যায় জড়িত সন্দেহ গ্রেফতার করা হয়েছে।
রবিবার দুপুরে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাকিব হত্যাকাণ্ড মামলার ৩ নম্বর আসামি মৃত সাদেক আলী তালুকদারের ছেলে মোশাহিদ তালুকদার (৪৮) কে ২৯ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে তাহিরপুর থানা পুলিশ ও ডিবি’র সমন্বয়ে একটি টিম ঢাকার কলাবাগান এলাকার গ্রীন রোড থেকে গ্রেফতার করে।
এছাড়াও হত্যার ঘটনার সাথে জড়িত সন্দেহে তাহিরপুরের পূর্বদল গ্রামের আব্দুল মান্নানের ছেলে বুলবুল আহমদকে ২৮ এপ্রিল বিশ্বম্ভপুর উপজেলার শক্তিয়ারখলা বাজার থেকে গ্রেফতার করা হয়।
আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
গেল সোমবার (২৪ এপ্রিল) মাঝরাতে তাহিরপুরের ঘাগটিয়া গ্রামের ধনাঢ্য ব্যক্তি মোশাররফের লোকজন একই গ্রামের মুজিবুর মিয়ার ছেলে সাকিব রহমানকে বাড়িতে ডেকে নিয়ে যায়। পূর্বশত্রুতার জেরে সেখানে সাকিবকে পিটিয়ে হাত—পা ভেঙে ও নখ উপড়ে হত্যা করা হয়।


