তাহিরপুরে হাওরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে হাওরের পানিতে ডুবে ২ শিশুর সলিল সমাধি হয়েছে। রবিবার দুপুর ২টায় উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চতুর্ভূজ গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলো চতুর্ভূজ গ্রামের ফরহাদ মিয়ার ছেলে মুবারক (২) ও একই গ্রামের মনছুর আলীর ছেলে তুফাজ্জল (৩)।
বড়দল দক্ষিণ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুব মিয়া জানান, চতুর্ভূজ গ্রামের পাশাপাশি বাড়ির দুটি শিশু দুপুরে খেলার জন্য ঘর থেকে বেড়িয়ে নিখোঁজ হয়। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনে মাটিয়ান হাওর পাড় থেকে ভাসমান অবস্থায় দুটি শিশুর লাশ উদ্ধার করা হয়।
বড়দল দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য ইউনূছ আলী বলেন, তাহিরপুর থানা পুলিশকে অবহিত করে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুকে রবিবার বাদ আছর চতুর্ভূজ গ্রামের গোরস্থানে তাদের দাফন করা হয়েছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।