তাহিরপুরে ১০ দিন ধরে খোলা বাজারে চাল পাওয়া যাচ্ছে না

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা খাদ্য গোদামে চাল সরবরাহ না থাকায় ১০ দিন ধরে খোলা বাজারে চাল কিনতে পারছেন না হাওরবাসী। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়,উপজেলার ৭টি ইউনিয়ন ও উপজেলা সদরে একজনসহ মোট ৮ জন ডিলার উপজেলার ৮টি পয়েন্ট থেকে খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করে আসছেন। খোলা বাজারে চাল বিক্রির সরকারী নির্দেশ থাকা সত্ত্বেও গত ২ নভেম্বর বৃহস্পতিবার থেকে গতকাল শুক্রবার  পর্যন্ত টানা ১০ দিন ধরে খোলা বাজারে চাল বিক্রি বন্ধ রয়েছে। হাওরপাড়ের ফসলহারা কৃষকগণ প্রতিদিনই সকালবেলা খোলা বাজারে চাল বিক্রির পয়েন্টগুলোতে দাঁড়িয়ে ঘন্টা খানেক অপেক্ষা করার পর তারা চাল না নিয়েই বাড়িতে ফিরে যাচ্ছে।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা গোলাম আউলিয়া বলেন,আগামী রোববার থেকে তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও উপজেলা সদর সহ ৮টি পয়েন্টে খোলা বাজারে চাল বিক্রি করা হবে।
তাহিরপুর উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক বলেন,খোলাবাজারে চাল বিক্রির সরকারী নির্দেশ চলমান রয়েছে। সম্প্রতি ভিজিএফের চাল প্রদান করা হয়েছে। খাদ্য গুদামে পরিমিত মজুদ না থাকায় খোলা বাজারে ডিলারদের নিকট চাল সরবরাহ করা যাচ্ছে না।