তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে নিজ বাড়ি থেকে বের হয়ে রবিনুর নামে ১১ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। গত ১৫ জুলাই সকাল ৬ টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সোমবার দুপুর সাড়ে তিনটা পর্যন্ত শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি। ২৩ জুলাই শনিবার দুপুরে শিশুটির পিতা মো. শহিদ মিয়া তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ শিশু রবিনুর তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নবাবপুর গ্রামের শহিদ মিয়ার দ্বিতীয় ছেলে। শহিদ মিয়া একজন কৃষক।
নিখোঁজ শিশুটির পিতা শহিদ মিয়া বলেন, গত ১৫ জুলাই সকাল ৬ টার দিকে বাড়ির কাউকে কিছু না বলে রবিনুর বের হয়ে যায়। অনেক সময় পার হয়ে গেলেও সে আর বাড়িতে ফেরেনি। পরে আত্মীয়—স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
তিনি জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় রবিনুরের পরনে লাল সাদা চেকের শার্ট ছিল। তার গায়ের রং কালো, মুখের গঠন গোলাকৃতি, উচ্চতা প্রায় ৪ ফুট ২ ইঞ্চি।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, এ বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। জিডি হওয়ার পর দেশের সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। নিখোঁজের বিষয়টি আমরা তদন্ত শুরু করেছি এবং খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।
কেউ শিশু রবিনুরের সন্ধান পেয়ে থাকলে তাহিরপুর থানা অথবা নিখোঁজ শিশুর পিতা শহিদ মিয়ার (০১৭৮৯ ৫১৮৮৬০) নাম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
- বিশ্বম্ভরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালি, সভা ও মাছের পোনা অবমুক্ত
- পর্যটনের নৌকা চলাচলে নিষেধাজ্ঞা, ক্ষোভ


