এম.এ রাজ্জাক, তাহিরপুর
তাহিরপুরে হোম কোয়ারেন্টিন মানছে না দেশে ফেরা ৪২ প্রবাসী। কোয়ারেন্টিনের বদলে খেয়াল খুশি মতে ঘুরে বেড়াচ্ছেন তারা। ফলে স্থানীয়দের মধ্যে কোরোনা ভাইরাস আতংক ছড়িয়ে পড়ছে। এখনই তাদের নজদারিতে না আনলে কঠিন বিপদ হতে পারে বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ। তবে তাহিরপুর থানার ওসি জানিয়েছেন, সদ্য বিদেশ ফেরত ৪২ প্রবাসীর মধ্যে ২৩ জনের খোঁজ পেয়ে তাদেরকে নিজ নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গত বুধবার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট এমএএজি ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন থেকে ই মেইলে যৌথভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাহিরপুর থানায় ৪২ জনের এ সংক্রান্ত একটি তালিকা এসেছে। এতে উপজেলার ৭ টি ইউনিয়েনের বিভিন্ন গ্রামের ৪২ প্রবাসী দেশে ফেরার দিনক্ষণ উল্লেখ রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশ ফেরা যাত্রীদের তালিকাটা প্রকাশ ফেলে স্থানীয় লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পরে। উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেযারম্যান আবুল কাশেম বলেন, শুনেছি এর মধ্যে অনেকেই দেশে ফিরেছেন। কিন্তু দেশে ফেরা কাউকে হোম কোয়ারেন্টেইনে থাকতে শুননি।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইকবাল হোসেন বলেন, তাহিরপুর থানা থেকে বিদেশ ফেরত লোকজনের একটি তালিকা আমাদের দেয়া হয়েছে। আমরা আমাদের স্বাস্থ্য কর্মীদের দিয়ে ঐ সমস্ত লোকজনরে খোঁজ খবর নিচ্ছি। বিদেশ ফেরৎ লোকজনের হোম কোয়ারেন্টেইনে থাকার পরামর্শ ও প্রদান করা হচ্ছে।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, সদ্য বিদেশ ফেরত ৪২ জনের মধ্যে ২৩ জনের সন্ধান পেয়ে তাদেরকে নিজ নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকিদের সন্ধানে প্রশাসনিক তৎপরতা অব্যহত রয়েছে।


