তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে পূর্ব শত্রুতার জেরে নাবালক ও স্কুল শিক্ষক সহ একই পরিবারের ৭ জনের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাদাবির মামলা করেছেন এক প্রভাবশালী ব্যক্তি। এই চাঁদাবাজি মামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার আদালতে হাজির হয়ে একই পরিবারের ৭জন জামিন পেয়েছেন।
জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারের মৃত. মুলু হোসেনের ছেলে তোতা মিয়া বাদাঘাট বাজারের ঠেলাগাড়ি শ্রমিক হানিফ মিয়ার বসতভিটা কাগজপত্র জাল করে নিজের নামে রেকর্ড করে নেন। এ জমি সংক্রান্ত বিষয়ে পরবর্তীতে মামলা হলে বাদাঘাট বাজারের আশু মিয়াকে তোতা মিয়ার পক্ষে স্বাক্ষ্য দেয়ার জন্য প্রভাবিত করতে চেষ্টা করা হয়। আশু মিয়া তার অন্যায় আবদারে সাড়া না দেয়ায় তোতা মিয়া তার উপর ক্ষিপ্ত হন।
গত ২৬ সেপ্টেম্বর বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে তোতা মিয়ার বোন আশু মিয়ার পরিবারের সাথে কথা কাটাকাটি করেন। কথা কাটাকাটির জের ধরে প্রভাবশালী তোতা মিয়া বাদাঘাট পুলিশ ফাঁড়ির একদল সদস্যকে নিয়ে প্রতিবেশী আশু মিয়াকে নাজেহাল করে পুলিশ ফাঁড়িতে নিতে চাইলে স্থানীয় লোকজন পুলিশকে বাধা দেন।
হাসু মিয়াকে পুলিশ দিয়ে নাজেহাল করার বিষয়টি পরিবারের মধ্যে জানাজানি হলে ওই দিন রাত ৯টার দিকে আশু মিয়ার দু’ছেলে আয়েত আলী ও বড় ছেলে জজ মিয়া বাদাঘাট বাজারের ভাই ভাই রেষ্টুরেন্টে তোতা মিয়ার নিকট তাদের পিতাকে পুলিশ দিয়ে নাজেহাল করার বিষয়টি জানতে চাইলে তোতা মিয়া ক্ষিপ্ত হয়ে কোমর থেকে পিস্তল বের করে গুলি করতে চাইলে আয়েত আলী ও জজ মিয়া তোতাকে জাপটে ধরে জুতাপেটা করেন। এরই জের ধরে ঘটনার দুদিন পর তোতা মিয়া নিজে বাদী হয়ে উপজেলার বাদাঘাট বাজারের আশু মিয়া (৭৫), তার ছেলে আয়েত আলী (২৫), জজ মিয়া (৪১), স্কুল শিক্ষক মুর্শিদ আলম (৩৯), আজিজুল মিয়া (৩৫), হাবিবুর রহমান (১৮) ও নাবালক মজিবুর রহমান (১৫) সহ ৭ জনের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাদাবির মামলা দায়ের করেন। মামলা নং ২০, তারিখ: ২৮/০৯/১৭ ইং।
মামলার আসামী পক্ষের আইনজীবী অ্যাড. মো. নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল জানান, অভিযুক্ত ৭ জন সোমবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে সিনিয়র জুিডসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. শহিদুল আমিন শুনানী শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
আশু মিয়ার সহোদর তাহের মিয়া জানান, ঘটনা যেটুকু ঘটেছে তা অনাকাঙ্খিত। বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি করা যেত। কিন্তু তোতা মিয়া তা না করে একই পরিবারের নাবালক সহ ৭ জনের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাদাবির মামলা করে নিজের দাপট দেখিয়েছেন।
মামলার বাদী তোতা মিয়া জানান, চাঁদা চাওয়ায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান হাওলাদারের জানান, অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মামলার মূল প্রতিবেদন কোর্টে দাখিল করা হবে।


