স্টাফ রিপোর্টার, তাহিরপুর
হাটবাজারে ইউএনও’র গাড়ি দেখলে ব্যবসায়ী ও পথচারীরা দৌঁড়ঝাপ করে দোকানের সাটার বন্ধ করে চলে যায়। এজন্য ভিন্ন কায়দায় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবীর। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবীর বলেন, লকডাউন চলাকালে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ইউএনও’র সরকারী গাড়ি নিয়ে। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাড়া করা সিএনজি গাড়ি নিয়ে। এতে করে বাজারের ব্যবসায়ী ও পথচারীরা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পায়নি। এ অবস্থায় বৃহস্পতিবার উপজেলার তাহিরপুর বাজার, আনোয়ারপুর বাজার ও বালিজুড়ি বাজারে ৯ জনকে ৪ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়।


