তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তবর্তী এলাকাসহ উপজেলার ছোট বড় প্রায় ২০টি বাজারে অবৈধ ভাবে সরকারী নিয়মনীতি তোয়াক্কা না করে অবাধে বিক্রি হচ্ছে পেট্রোল। আবার কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ পেলেই অবৈধভাবে সীমান্তের ওপাড়ে পাচার করছে পেট্রোল। যত্রতত্র পেট্রোল বিক্রি হওয়ার কারণে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
তারা বলছেন, যে ভাবে রাস্তা ঘাটে পেট্রোল বিক্রি হচ্ছে তাতে যে কোনো সময় বিড়ি অথবা সিগােেরট থেকে আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
জানা যায়, উপজেলার তাহিরপুর সদর, বাদাঘাট বাজার, বিন্নাকুলী বাজার, লাউড়েরগড় বাজার, বড়গোপটিলা বাজার, চাঁনপুর বাজার, টেকেরঘাট বাজার, ডাম্পেরবাজার, বালিয়াঘাট নতুন বাজার, শ্রীপুর বাজার, কলাগাও বাজার, বীরেন্দ্রনগর বাজার, আনোয়ারপুর বাজার, বালীজুরী বাজার সহ ছোট বড় প্রায় ২০টি বাজারে অবৈধভাবে সরকারী নিয়মনীতি না মেনে নিজেদের ইচ্ছে মতো মুদি দোকান সহ বিভিন্ন
দোকানের সামনে খোলা আকাশের নিচে তেলের ট্যাংকিতে করে বিক্রি হচ্ছে পেট্রোল। সরকারী নিয়ম অনুযায়ী হাট বাজারে কেরোসিন, ডিজেল ও পেট্রোল বিক্রি করতে হলে সরকারের সংশ্লিট শাখার অনুমোদন ও বৈধ লাইসেন্স থাকার কথা থাকলেও তাহিরপুর উপজেলার বাজারগুলোতে যারা পেট্রোল বিক্রি করছেন তাদের কোন বৈধ লাইসেন্স নেই।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শহিদুল্লাহ বলেন, যারা এভাবে পেট্রোল বিক্রি করছে তাদের বিরুদ্ধ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মোবাইল কোর্টে ব্যবস্থা নেয়া হবে।
সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে,কর্নেল নাসির উদ্দিন আহমদ (পিএসসি) বলেন, সীমান্ত এলাকা থেকে যাতে পেট্রোল সীমান্তের ওপাড়ে যেতে না পারে সে ব্যাপারে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।


