তাহিরপুর ও জগন্নাথপুর প্রতিনিধি
‘সত্য মিথ্যা যাচাই আগে ফেইসবুকে শেয়ার পরে’ প্রতিপাদ্যকে সামনে রেখে তাহিরপুর উপজেলায় তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোযাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এ উপলক্ষে একটি র্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গণমিলনায়তন কেন্দ্র এসে আলোচনা সভায় মিলিত হয়।
এদিকে ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলায় র্যালি ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার পরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বরপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণেই এসে শেষ হয়। পরে উপজেলা সদরের কয়েক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ‘আমাদের চোখে ‘ডিজিটাল বাংলাদেশ শীর্ষক’ চিত্রাঙ্কন ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সন্ধ্যার দিকে পরিষদ চত্ত্বরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা তথ্য সেবা কেন্দ্রের (তথ্যআপা) কর্মকর্তা লুফিয়া জান্নাতের পরিচালনায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপার ভাইজার অরূপ রায়, এসআই লুৎফুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন প্রমুখ।


