স্টাফ রিপোর্টার
তাহিরপুর সীমান্তের ওপারে অবৈধ অনুপ্রবেশ করে বিএসএফের ধাওয়া খেয়ে বাংলাদেশে ফেরার পথে বিজিবি দুই অনুপ্রবেশকারীকে আটক করেছে। আটককৃতরা হলো, উপজেলার বাদাঘাট ইউনিয়নের পূর্ব লাউড়েরগড় গ্রামের আবদুল কাদিরের ছেলে মফিজ মিয়া (২৮) ও পার্শ্ববর্তী পুরান লাউড়েরগড় গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে রাজমণি (৩৮)।
স্থানীয় সুত্রে যায়, জেলার তাহিরপুর উপজেলার বিজিবির লাউড়েগড় সীমান্তের মেইন পিলার ১২০৩ অতিক্রম করে মঙ্গলবার দুপুরে বেশ কিছু লোক সীমান্তনদী জাদুকাঁটা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে চরে কয়লা সংগ্রহ করতে যায়। নদীর ভারতীয় অংশে কয়লা সংগ্রহ কালে ভারতের শিলং বিএসএফের ঘোমাঘাট ক্যাম্পের টহল দল ধাওয়া করলে বাংলাদেশে ফেরার পথে লাউড়েরগড় বিওপির বিজিবির টহল দল মফিজ ও রাজমণিকে আটক করে।
সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ পিএসসি জানান, ভারতে অবৈধ অনুপ্রেবেশকারী হিসাবে আটককৃত দু’ব্যক্তিকে তাহিরপুর থানায় সোপর্দ করার পর তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মঙ্গলবার নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


