তাহিরপুর সীমান্তে নিখোঁজ পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্ত এলাকার লামাকাটা নামক এলাকা থেকে নিখোঁজ পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ পল্লী চিকিৎসক হলেন, উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী লামাকাটা গ্রামের মৌলবী আব্দুল হাই এর ছেলে আশ্রাফ উদ্দিন (৫০)।
পুুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ছেলে জজ মিয়ার বাড়ী থেকে রাতের খাবার খেয়ে চিকিৎসার কাজে গ্রামে বের হন আশ্রাফ উদ্দিন। এর পর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার দুপুরে পথচারীরা লামাকাটা ও সুন্দরবন্ধ গ্রামের কাছের রাস্তার পাশে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
আশ্রাফ উদ্দিনের ছেলে পল্লী চিকিৎসক জজ মিয়া জানান, তাদের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে কেউ তার পিতাকে পানিতে চুবিয়ে হত্যা করেছে।
তাহিরপুর থানার ওসি (তদন্ত) মুহাম্মদ হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক অবস্থায় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।