তাহিরপুর সীমান্তে মেছোবাঘ আটক

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে ধরা পরেছে একটি মেছো বাঘ। ধারণা করা হচ্ছে, পাশ্ববর্তী ভারতের মেঘালয় পাহাড় থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসেছে মেছো বাঘটি। লোকালয়ে এসে সীমান্তবর্তী কয়লা ডিপোতে খেলা করছিল মেছো বাঘটি। মেছো বাঘটিকে দেখে সীমান্তবর্তী জঙ্গল বাড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে শফিক মিয়া মেছো বাঘটিকে আটক করে এবং স্থানীয় চারাগাও বিজিবির তত্বাবধানে দেয়। কালো ডোরাকাঁটা মেছোবাঘটি প্রায় ২২ ইঞ্চি লম্বা।
রবিবার সকালে তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের কয়লার ডিপো থেকে মেছো বাঘটি আটক করা হয়। চারাগাঁও বিজিবির পক্ষ থেকে উপজেলার ধলইরগাঁও বিট অফিসার সাইফুল  ইসলামকে মেছো বাঘ আটকের বিষয়টি জানালে তিনি সকাল ১০টায় হাওর বাংলা উচ্চ বিদ্যালয়ে আসেন। বেলা ১১টায় চারাগাও বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার দেলোয়ার হোসেন ধলইরগাও বিট অফিসার সাইফুল ইসলামের কাছে মেছো বাঘটি হস্তান্তর করেন।
সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের হাত থেকে মেছো বাঘটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলার ধলইরগাও ফরেষ্ট অফিসার সাইফুল ইসলাম বলেন আটককৃত মেছো বাঘটি বনে অবমুক্ত করে দেয়া হবে।