আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুর সীমান্তের লালঘাট-বাঁশতলা রাস্তাটি স্বেচ্ছাশ্রমে মেরামত করলেন স্থানীয়রা। বৃষ্টি ও কাদায় বড়ছড়া স্থল শুল্ক্ক স্টেশন থেকে চারাগাঁও স্থল শুল্ক্ক স্টেশনে যাতায়াতের এ রাস্তাটি একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।
স্থানীয়রা জানায়, লালঘাট থেকে বাঁশতলা পর্যন্ত রাস্তায় চলতি বছর সংস্কার ও মেরামত কাজে ৪ লাখ টাকার মাটির কাজ করান শ্রীপুর উত্তর ইউনিয়নের ইউপি সদস্য হাসান মিয়া। তবে বালুমিশ্রিত মাটির পরিবর্তে তিনি শুধু মাটি ফেলে দায়সারাভাবে শেষ করেন সংস্কার কাজ। এতে দুর্ভোগ পোহাতে হয় পুরো এলাকাবাসীর। বৃষ্টির পানিতে পুরো রাস্তা কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এলাকাবাসী তাই এবার স্বেচ্ছাশ্রমে এ রাস্তাটিতে বালু ফেলে চলাচলের উপযোগী করে তুলেছেন।
শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের আব্দুল খালেক জানান, রাস্তা মেরামত করা হয় সাধারন মানুষ ও যানবাহন চলাচল করার জন্য। কিন্তু লালঘাট থেকে বাঁশতলা পর্যন্ত সড়ক সংস্কার ও মেরামত করার ফলে চলাচলে একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। এমতাবস্থায় তারা এলাকার লোকজন ও ইউপি চেয়ারম্যান এর নিকট থেকে আর্থিক সাহায্য নিয়ে রাস্তার উপর বালু ফেলে লোকজন চলাচলের উপযোগী করে তুলেছেন।
চারাগাঁও গ্রামের ব্যবসায়ী আব্দুল কুদ্দুছ বলেন, সংস্কার ও মেরামত কাজে পরিকল্পনা মাফিক কাজ না করায় রাস্তায় চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। পরে এলাকাবাসীর সহযোগিতায় সড়ক পুনরায় মেরামত করা হয়েছে।
জঙ্গলবাড়ি গ্রামের আইনাল মিয়া বলেন, এলাকাবাসীর সহযোগিতা ও তাদের স্বেচ্ছাশ্রমে লালঘাট হইতে বাঁশতলা পর্যন্ত সড়কে বালু ফেলে মেরামত করা হয়েছে।
শ্রীপুর উত্তর ইউনিয়নের ইউপি সদস্য হাসান মিয়া বলেন, বড়ছড়া স্থল শুল্ক স্টেশন থেকে চারাগাাঁও স্থল শুল্ক স্টেশন পর্যন্ত সড়ক পাকাকরণ না হলে চলাচলে দুর্ভোগ দূর হবে না।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম বলেন, লালঘাট হইতে বাঁশতলা পর্যন্ত সড়ক মাটি দিয়ে নির্মাণ কাজ করেছেন ইউপি সদস্য হাসান মিয়া। পাহাড়ি এলাকা বৃষ্টির পরিমাণ খুবই বেশী যে কারণে মাটি গলে সড়কে কাদা জমায় চলাচলের জন্য একেবারেই অনুপযোগী ছিল। এমতাবস্থায় এলাকার যুবকরা সড়কে চলাচলের উপযোগী করে তোলার জন্য আর্থিক সহযোগীতা নিয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করে চলাচলের উপযোগী করে তুলেছে।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, তাহিরপুর সীমান্তের বড়ছড়া স্থল শুল্ক স্টেশন হতে চারাগাঁও স্থল শুল্ক স্টেশন পর্যন্ত সড়ক নির্মাণের জন্য এলজিইডি অধিদপ্তরে অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে। শীঘ্রই দরপত্র আহবান করা হবেও বলে তিনি জানান।
- ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়নে ১৭৮ কোটি ডলার দিচ্ছে এডিবি
- তাহিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়


