তাড়লে ভিজিএফ’র চাল আত্মসাতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

আবু হানিফ চৌধুরী, দিরাই
দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে ভিজিএফের চাল আত্মসাতের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও এ ব্যাপারে চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেল। বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা ভিজিএফ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ইউএনও তৌহিদুজ্জামান পাবেলের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খানের পরিচালনায় সভায় কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাড. সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, কুলঞ্জ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, সরমঙ্গল ইউপি চেয়ারম্যান এহচান চৌধুরী, রফিনগর ইউপি চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান, রাজানগর ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরী, অভিযুক্ত         
তাড়ল ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস, ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজীসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
ভিজিএফ কমিটির সভায় উপজেলার ৯ ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ নিয়ে আলোচনা করা হয়। এরমধ্যে তাড়ল ইউনিয়নে ভিজিএফের  ৩০ বস্তা চাল আত্মসাত  ও ভাটিপাড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে জনপ্রতি ৩০ কেজির স্থলে ২০ কেজি ও ৬০ কেজির স্থলে ৪০/৪২ কেজি চাল বিতরণের অভিযোগ নিয়ে বিশদ আলোচনা করা হয়।