তিনি বেঁচে থাকবেন মানুষের শ্রদ্ধা ও ভালবাসায়

স্টাফ রিপোর্টার
ঢাকার পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডে নিহত লে. কর্ণেল এলাহী মনজুর চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত ব্রিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন বখত মুহিত। বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই অ্যাড. হুমায়ুন মনজুর চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ইশতিয়াক রুপু, সাবেক সিভিল সার্জন ডা: সৈয়দ মোনাওয়ার আলী, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, অ্যাড. আইনুল ইসলাম বাবলু, অ্যাড. বজলুর রশিদ, আওয়ামী লীগ নেতা হায়দার চৌধুরী লিটন, বিএনপি নেতা নাদির আহমদ, লেখক রেহান উদ্দিন রিজু, সাবেক ব্যাংকার স্নেহাংশু শেখর বর্মন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ২০০৯ সালে তৎকালীন ঢাকার বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাযজ্ঞে শহীদ হন সুনামগঞ্জের কৃতি সন্তান ও শহরের হাছননগরের বাসিন্দা লে. কর্ণেল এলাহী মনজুর চৌধুরী। এই সময় ৫৭ জন সেনা কর্মকর্তা শহীদ হন। প্রয়াত লে. কর্ণেল এলাহী মনজুর চৌধুরী বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে শ্রদ্ধা ও ভালবাসায়।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সিরাজুর রহমান সিরাজ, সমাজসেবক রনজিত দাস, লেখক কুমার সৌরভ, প্রভাষক নোয়াজ উদ্দিন আহমদ, অ্যাড. এনাম আহমদ, জেলা উদীচী’র সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংবাদিক আকরাম উদ্দিন ও এ আর জুয়েল প্রমুখ।
সভা সঞ্চালনা করেন প্রথম আলো নিজস্ব প্রতিনিধি খলিল রহমান।
সভার শুরুতেই প্রয়াত লে. কর্ণেল এলাহী মনজুর চৌধুরীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। শুক্রবার বাদ জুম্মা শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এবং হাছননগর জামে মসজিদে প্রয়াত লে. কর্ণেল এলাহী মনজুর চৌধুরীর রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পেশ করা হয়। ওইদিন বাদ জুম্মা দিরাই উপজেলার সরমঙ্গল গ্রামের মসজিদে মরহুমের রূহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।