বিন্দু তালুকদার
ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার জগন্নাথপুর উপজেলার ৬টি, দিরাই উপজেলার ৯টি ও শাল্লা উপজেলার ৪টি ইউনিয়নসহ মোট ১৯ টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী আগামী ২৮ মে তিন উপজেলার ১৯ টি ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৬টির প্রার্থী মনোনীত করা হয়েছে। এর মধ্যে স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলয়ের ৪ জন, আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ আজাদ ডন বলয়ের ১ জন ও জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট বলয়ের ১জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দিরাই-শাল্লায় ১৩ টি ইউনিয়নের মধ্যে ইউনিয়ন-উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের দেয়া তালিকা থেকে বাদ পড়েছে তিন জনের নাম। নতুন করে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তিন প্রার্থী।
এই নতুন তিনজন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমানের বলয়ের বলে জানা গেছে।
তবে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার ও শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহিম চন্দ্র দাস জানিয়েছেন পৃথক কারো কোন বলয়ে কেউ দলীয় মনোনয়ন পাননি। যারা দলীয় মনোনয়ন পেয়েছেন সবাই আওয়ামী লীগ নেতা। নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুরে স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলয়ের দলীয় প্রার্থীরা হলেন কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপাল, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা আরশ মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল হাসান ও পাইলগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আপ্তাব উদ্দিন। আজিজুস সামাদ আজাদ ডন বলয়ের প্রার্থী পাটলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট বলয়ের প্রার্থী আশারকান্দি ইউনিয়নে শাহ আবু ঈমানী। তবে রানীগঞ্জ ইউনিয়নে দলীয় প্রার্থীতা চূড়ান্ত হয়নি।
দলীয় সূত্রে জানা যায়, রবিবার কেন্দ্রীয় আওয়ামী লীগ প্রার্থী বাছাইয়ের সভা করে দিরাই-শাল্লার ১৩টি ইউনিয়নে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে। তবে অসুস্থ থাকায় দিরাই-শাল্লার সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত প্রার্থী বাছাইয়ের বৈঠকে উপস্থিত থাকতে পারেন নি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার সুরঞ্জিত সেনগুপ্তের দেয়া তালিকা থেকে ৩ টি ইউনিয়নের প্রার্থী বদল করে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
সুরঞ্জিত সেনগুপ্তের বাছাই করা তালিকায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দিরাই উপজেলায় রফিনগরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজুওয়ান খান, রাজানগরে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সৌম্য চৌধুরী, চরনারচরে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পরিতোষ রায়, সরমঙ্গল ইউনিয়নে আওয়ামী লীগ নেতা কানু দাস, করিমপুর ইউনিয়নে দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, তাড়ল ইউনিয়নে ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী, কুলঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়া, শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নে আবুল কাসেম চৌধুরী, হবিবপুর ইউনিয়নে বিবেকানন্দ মজুমদার বকুল, শাল্লা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার।
তবে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ইউনিয়ন, উপজেলা ও সুরঞ্জিত সেন গুপ্তের দেয়া তালিকা অনুযায়ী দলীয় প্রার্থী শাহজাহান কাজীর পরিবর্তে প্রয়াত মঞ্জুরুল ইসলাম চৌধুরী লিটনের ছোট ভাই বর্তমান চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী জাহেদ, জগদল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুস সালামের পরিবর্তে সিলেট মহানগর যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য ও গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী হুমায়ুন রশীদ লাভলু, শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নে নরেশ চৌধুরীর পরিবর্তে উপজেলা আওয়ামী লীগ নেতা বিধান চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে। এই তিন ইউনিয়নের আগের প্রার্থীর নাম পরিবর্তন হয়ে নতুন যারা দলীয় মনোনয়ন পেয়েছেন তারা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমানের বলয়ের বলে জানা গেছে।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করমি রিজু বলেন,‘জগন্নাথপুরে আওয়ামী লীগে কারো কোন পৃথক বলয় নেই। যারা দলীয় মনোনয়ন পেয়েছেন তাদের সবাই আওয়ামী লীগের। আমরা তাদের সকলের নামই তৃণমূল ও উপজেলা আওয়ামী লীগ থেকে পাঠিয়েছিলাম। চূড়ান্তভাবে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ’
দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার বলেন,‘ভাটীপাড়া ও জগদলে যারা মনোনয়ন পেয়েছেন তারা মতিউর রহমানের বলয়ের কি না আমার জানা নেই। আমি এবিষয়ে কিছু জানি না। আমরা ভাটীপাড়া ইউনিয়নে দলীয় প্রার্থী শাহজাহান কাজী ও জগদল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুস সালামের নামের তালিকা সেন বাবুর পিএসের কাছে দিয়ে এসেছিলাম। কিভাবে তাদের নাম বদলে অন্য দুইজনকে দেয়া হয়েছে তা আমি জানি না। যাই হয়েছে ঢাকায় হয়েছে। আমি শুনেছি শাহজাহান কাজী ও আব্দুস সালামের নাম পরিবর্তন হয়ে নতুন নাম ঘোষণা করা হয়েছে।’
দিরাই-শাল্লার সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের ঘন্ষ্টিজন হিসাবে পরিচিত শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহিম চন্দ্র দাস বলেন,‘ দিরাই-শাল্লায় যারা নতুন করে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তারা মতিউর রহমানের বলয়ের কিনা জানা নেই। তারা সবাই আওয়ামী লীগের এটা ঠিক। আমি নিশ্চিত নই তবে শুনেছি মতিউর রহমান দিরাই উপজেলা থেকে ৫ টি ও শাল্লা উপজেলা থেকে ২ টি মোট ৭টি ইউনিয়নে পছন্দের প্রার্থীর জন্য মনোনয়ন চেয়েছিলেন। তবে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনিয়ে সুরঞ্জিত সেন গুপ্তের সাথে কথা বলেছেন। এর পর আলোচনা করেই নাকি দিরাইয়ে দুইটি ও শাল্লায় একটি ইউনিয়নে প্রার্থী পরিবর্তন করা হয়েছে।’
- ধানকুনিয়া হাওর-ধর্মপাশা ফসলরক্ষা বাঁধে নৌকা ফেলেও শেষ রক্ষা হয়নি
- পিএসসি’র চেয়ারম্যান হলেন ড. মোহাম্মদ সাদিক


