তিন উপজেলায় আ. লীগ-বিএনপির ১৭ নতুন মুখ

আকরাম উদ্দিন
সুনামগঞ্জের তিনটি উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির ১৭জন নতুন মুখ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের ১২জন এবং বিএনপির পাঁচজন।
তৃতীয়ধাপে সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলার ২৬টি ইউপিতে নির্বাচন হচ্ছে। আগামি ২৩ এপ্রিল এসব ইউনিয়নে ভোট হবে।
জানা গেছে, এই তিন উপজেলার ২৬টি ইউনিয়নের মধ্যে ১২টিতেই এবার আওয়ামী লীগের নতুন মুখেরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির নতুন মুখ আছেন পাঁচটিতে। বয়েসের দিক থেকে একেবারে তরুণ প্রার্থী হলেন সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউপিতে আওয়ামী লীগের বোরহান উদ্দিন। তিনি আইন পেশার সঙ্গে যুক্ত এবং জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক। বিএনপির প্রার্থীদের মধ্যে সবচেয়ে তরুণ হলেন একই উপজেলার সুরমা ইউপির সাইফুল ইসলাম। সাইফুল একজন ব্যবসায়ী।
দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নতুন মুখদের মধ্যে আছেন কুরবাননগর ইউনিয়নে আওয়ামী লীগের কোহিনুর আলম, সুরমা ইউনিয়নে বিএনপির সাইফুল ইসলাম, গৌরারং ইউপিতে আওয়ামী লীগের হোসেন আলী, কাঠইর ইউপিতে আওয়ামী লীগের মো. বোরহান উদ্দিন ও বিএনপির কামরুল ইসলাম; মোহনপুর ইউনিয়নে আওয়ামী লীগের মঈন উল হক।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পুর্ব পাগলা ইউনিয়নে আওয়ামী লীগের ফজলুল করিম, পশ্চিম পাগলা ইউনিয়নে বিএনপির আজিুজুর রহমান, জয়কলস ইউপিতে বিএনপির শামসুন্নুর, পাথারিয়া ইউপিতে আওয়ামী লীগের মো. আবুল ফয়েজ, শিমুলবাঁক ইউনিয়নে আওয়ামী লীগের মিজানুর রহমান জিতু, দরগাপাশা ইউনিয়নে আওয়ামী লীগের মনির উদ্দিন, পুর্ব বীরগাঁও ইউপিতে বিএনপির তোফায়েল আহমদ।
দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নে আওয়ামী লীগের আবদুর রশিদ তালুকদার, দোহালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের আনোয়ারা মিয়া আনু, মান্নারগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের বরুণ চন্দ্র দাশ ও লক্ষীপুর ইউনিয়নে আওয়ামী লীগের জহিরুল ইসলাম।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদীর আহমদ বলেন,‘আমাদের সব প্রার্থীরাই যোগ্য। তবে চিন্তা হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিয়ে। গত দুই ধাপে যেভাবে ভোট হয়েছে এতে আমরা শঙ্কিত। যদি সুষ্ঠু ভোট হয় তাহলে আমাদের প্রার্থীরা অবশ্যই ভালো করবেন।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেছেন,‘নতুনদের সুযোগ দিতে হবে। আমরা নতুন-পুরাতন যেখানে যে যোগ্য ও সম্ভাবনাময় সেখানেই তাঁকে দলীয় প্রার্থী করেছি। আশা করি সবকটি ইউনিয়নেই আমাদের প্রার্থীরা জয়ী হবেন।’