তিন উপজেলায় কোন্দলে স্থবির বিএনপি

বিন্দু তালুকদার
স্থানীয় দ্বন্দ্ব ও অভ্যন্তরীন কোন্দলে ভোগছে জেলার জামালগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি। জামালগঞ্জ ও দক্ষিণ সুনামগঞ্জের নেতাকর্মীদের মধ্যে গ্রুপিং কোন্দল থাকলেও সংঘর্ষের কোন ঘটনা ঘটেনি। তবে বিশ্বম্ভরপুর উপজেলায় বিবদমান তিন গ্রুপের গ্রুপিং এর কারণে দলীয় কর্মসূচি পালনে সংঘর্ষ, মামলা পাল্টা মামলার ঘটনা ঘটেছে। উদ্ভট পরিস্থিতি নিরসনে জেলা বিএনপির দলীয় প্যাডে ঘোষণা দিয়ে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সকল কার্যক্রম স্থগিত করেছেন। দলীয় কার্যক্রম নিয়ে এই তিন উপজেলার মধ্যে জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুরে তিন গ্রুপে বিভক্ত হয়ে বিএনপির নেতাকর্মীদের একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, জামালগঞ্জ উপজেলা বিএনপির অতীতে দুই গ্রুপে বিভক্ত হয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেলেও। বর্তমানে তিন গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে নেতাকর্মীরা। এক গ্রুপের নেতৃত্ব রয়েছেন সাচনা বাজার ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি নূরুল হক আফিন্দী ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক।
অন্যদিকে বিদ্রোহী গ্রুপের উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক পদে আব্দুস শহীদ তালুকদার। সম্প্রতি দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা নিয়ে নতুন করে আরেক নতুন গ্রুপের সৃষ্টি হয়েছে। এই গ্রুপের নেতৃত্বে রয়েছেন আব্দুল মুকিত মাস্টার, আব্দুস সাত্তার, আজাদ হোসেন বাবলু, মোহাম্মদ আলী, সিরাজ মিয়াসহ আরো অনেকেই। সাংগঠনিক কার্যক্রম নিয়ে সর্বশেষ গত ১ সেপ্টেম্বর উপজেলা বিএনপির নতুন গ্রুপ উপজেলা সদরে পৃথক কর্মসূচি পালন করেন।
উপজেলা বিএনপির একাংশের সভাপতি আজিজুর রহমান বলেন,‘উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের সময় তৃণমূলের নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। তাই ক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা দলের সকল সাংগঠনিক কাজকর্ম চালিয়ে যাচ্ছি। ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভরাডুবিকে কেন্দ্র করে সম্প্রতি নুরুল হক আফিন্দীর সাথের অনেকেই পৃথকভাবে সাংগঠনিক কার্যক্রম করছেন। বর্তমানে জামালগঞ্জের বিএনপি তিনভাবে বিভক্ত।’
জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নূরুল হক আফিন্দী বলেন,‘ বিএনপির একটি বড় দল, দল বড় হলে নেতকর্মীদের মাঝে সামান্য দ্বন্দ্ব-কোন্দল থাকতেই পারে। তবে আমরাই দলীয় সকল কর্মসূচি পালন করি। আমাদের বাইরে যারা দলীয় কর্মসূচি পালন করে তারা দলীয় কোন কাঠামোতে নেই।’
দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা বিএনপির মূল অংশে উপজেলা বিএনপির সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ ও সাধারণ সম্পাদক পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন।
অন্যদিকে বিদ্রোহী গ্রুপের সভাপতির দায়িত্বপালন করছেন একাংশের সভাপতি আউয়াল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে নূর আলী। এই উপজেলা বিএনপির দুই গ্রুপও দীর্ঘদিন ধরে পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছেন।
উপজেলা বিএনপির একাংশের সভাপতি আউয়াল উদ্দিন বলেন,‘আমরা বিএনপির রাজনীতি করি। আমরা প্রকাশ্যে সম্মেলন করে মাঠের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করেছি। আমার সরকারি দলের সাথে আতাত করে সরকারের ছত্রছায়ায় রাজনীতি করি না। তাদের কমিটির সাধারণ সম্পাদক আওয়ামী লীগের রাজনীতি করেন যা উপজেলা সবাই জানেন। আমরা এবিষয়ে কেন্দ্রে নালিশ করেছি।’
দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন বলেন,‘ আওয়াল উদ্দিন বিএনপির নেউ নয়। তার সকল অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। তারা নিজেরাই গত ইউপি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন। আমি জেলা বিএনপির সদস্য, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। জেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতিতে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে আমাকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আমি গত ইউপি নির্বাচনে বিএনপির দলীয় প্রতীকে নির্বাচন করেছি এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। ’  
বিশ্বম্ভরপুর উপজেলায় বিএনপির পৃথক কমিটি না থাকলেও এক অংশের নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির আহবায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, একগ্রুপের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য অ্যাড. আব্দুল হক ও অন্য গ্রুপের (সাবেক হুইফ গ্রুপ) নেতৃত্বে রয়েছেন জেলা মহিলা দলের আহবায়ক মদিনা আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুর রহমান আশিক ও বর্তমান নজরুল ইসলাম।
বিশ্বম্ভরপুরে দলীয় কর্মর্সূচি পালন করা নিয়ে গত ২৭ আগস্ট দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অ্যাড. আব্দুল হক গ্রুপের নেতাকর্মীদের অভিযোগ তাদের সর্মসূচিতে হারুনুর রশিদের লোকজন হামলা হালিয়েছে। হারুনুর রশিদ গ্রুপের নেতাকর্মীদেরও পাল্টা অভিযোগ তাদের কর্মসূচিতে আব্দুল হকের সমর্থক হামলা চালিয়েছে।
সংঘর্ষের ঘটনায় আব্দুল হক অংশের পক্ষে ছাত্রদল নেতা আলমগীর বাদী হয়ে হারুনুর রশিদসহ ১১ জনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন। অন্যদিকে হারুনুর রশিদ গ্রুপের রইসুজ্জামান বাদী হয়ে আব্দুল হক অংশের নেতাকর্মীদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করেন। বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির উদ্ভুদ্ধ পরিস্থিতি সামলা দিতে গত ৩১ আগস্ট জেলা বিএনপি বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সকল কার্যক্রম স্থগিত করেন।
উপজেলা বিএনপির একাংশের নেতা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ বলেন,‘উপজেলা কমিটি গঠনের পর থেকে আহবায়ক দলের কোন কর্মসূচি পালন করেন না। তিনি নিজের ক্ষমতা ও স্বার্থের জন্য ক্ষমতাসীন দলের সাথে আঁতাত করে রাজনীতি করেন। সব সময় নিজের স্বার্থ আদায় নিয়েই তিনি ব্যস্ত থাকেন। তাই আমরা শুরু থেকেই দলীয় সকল কর্মসূচি পৃথকভাবে পালন করে আসছি।’
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য অ্যাড. আব্দুল হক বলেন,‘কর্মসূচিতে হামলার ঘটনা বা পাল্টাপাল্টি কোন ঘটনা ঘটে নি। আমি উপজেলা সদরে যাওয়ার পথে হারুনুর রশিদ নিজেই আমার উপর দেশীয় অস্ত্র নিয়ে নেক্কারজনক সন্ত্রাসী হামলা করেছে। তারা দলীয় কোন কর্মসূচি পালন করে না। হারুনুর রশিদ আওয়ামী লীগের জন্ম দিন পালন করে। যার কারণে দলের সকল নেতাকর্মীরাই তার উপর ক্ষুব্ধ। নেতাকর্মীরা তার শাস্তি ও অপসারণ দাবি করেছে। সার্বিক পরিস্থিতির কারণে জেলা বিএনপির উপজেলা বিএনপির সকল কার্যক্রম স্থগিত করেছেন।’  
বিশ্বম্ভরপুর উপজেলায় বিএনপির আহবায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদের সাথে কথা বলতে তাঁর ব্যক্তিগত মুঠোফোনে পর পর বেশ কয়েক যোগাযোগের চেষ্টা করলেও  ফোন রিসিভ করেননি তিনি।
জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরী বলেন,‘বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির কার্যক্রমে স্থগিতাদেশ কবে প্রত্যাহার করা হবে এটা এখনই বলা যাবে না। জেলার অন্যান্য যেসব উপজেলায় নেতাকর্মীদের মাঝে মতবিরোধ রয়েছে তা নিরসনে ঈদের পর উদ্যোগ নেয়া হবে।’