বিশেষ প্রতিনিধি ও জগন্নাথপুর অফিস
তিন মাস ৬ দিনের মাথায় আবারও পৌর মেয়র নির্বাচিত করার জন্য ভোট দেবেন সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত পৌরসভা জগন্নাথপুরের ভোটাররা। এই পৌরসভার অর্ধেকেরও বেশি ভোটার যুক্তরাজ্য প্রবাসী। মেয়র পদে আগ্রহী প্রার্থীদের মধ্যেও যুক্তরাজ্য প্রবাসীই বেশি। বর্তমান মেয়র যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশিদ ভুঁইয়া গত ১০ অক্টোবরের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন। পহেলা নভেম্বর শপথ নিয়ে নভেম্বরের দুই তারিখে তিনি দায়িত্ব গ্রহণ করেন। গেল নির্বাচনের আমেজ কাটতে না কাটেতই আবার এই পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করায় জমে ওঠেছে নির্বাচনী আলপচারিতা। চায়ের কাপে ঝড় তুলেছেন কর্মী সমর্থকরা। আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা রাজধানীমুখী হয়েছেন অনেকেই।
আওয়ামী লীগ বিএনপির একাধিক কর্মী জানিয়েছেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর মধ্যে রয়েছেন, যুক্তরাজ্য প্রবাসী বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সদস্য, পৌরসভার গেল উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রয়াত মেয়র আব্দুল মনাফের পুত্র যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন ওরফে সেলিম, জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামছুল ইসলাম রাজন ও যুক্তরাজ্যের মিডল্যা- আওয়ামী লীগের সভাপতি আকমল খাঁন। বিএনপির মনোনয়ন চাইবেন গেল উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন কিংবা তাঁর ভাতিজা পৌরসভার গেল উপনির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিবুল বারী আয়হান।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন জানান, জগন্নাথপুর পৌরসভার ক্ষেত্রে পৌর আওয়ামী লীগ আগ্রহী মেয়র প্রার্থী যাদেরকে যোগ্য মনে করবেন, তালিকা করে উপজেলা কমিটিকে দেবেন, উপজেলা কমিটি জেলা কমিটির কাছে পাঠাবে। পরে সেই তালিকা কেন্দ্রে জমা দেওয়া হবে। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন। যেহেতু ২০ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। ১০ ডিসেম্বরের মধ্যে হয়তোবা আগ্রহী প্রার্থীদের তালিকা কেন্দ্রে জমা দিতে হবে। আগামীকাল শুক্রবার কেন্দ্রীয় নির্বাচনী দপ্তর থেকে এই বিষয়ে তথ্য সংগ্রহ করবো আমরা।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, বিএনপির পৌর মেয়র প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শনিবার থেকে শুরু হবে। আগ্রহী প্রার্থীদের ফরম সংগ্রহের বিষয়টি শনিবার কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে প্রেসবিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। পরে জেলা নেতাদের কাছ থেকে ফরম সংগ্রহ করবেন আগ্রহীরা। আগ্রহীরা ফরম পূরণ করে জমা দিলে পৌরসভা বিএনপির সুপারিশসহ জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক নামের তালিকা কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠাবেন। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন জমা দেবার শেষ দিনের আগেই দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন।
তফসিল অনুযায়ী এই পৌরসভার মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর (রবিবার)। ২২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রার্থিতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর। ১৬ জানুয়ারি ২৮ হাজার ৮৭৯ ভোটার ভোট প্রদান করবেন।
গত ১১ জানুয়ারী এই পৌরসভার মেয়র আবদুল মনাফ মৃত্যুবরণ করলে পৌরসভার উপ-নির্বাচন ঘোষণা হয়। তফসিল অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি মনোয়ন পত্র দাখিল করে ভোটযুদ্ধে নামেন চার প্রার্থী। এই চার প্রার্থীর ৩ জনেই যুক্তরাজ্য থেকে এসে মনোয়ন জমা দিয়েছিলেন। ২৯ মার্চ ভোটগ্রহণের দিন সামনে রেখে প্রচারণা শুরু করেছিলেন প্রার্থীরা। প্রচারণার শেষ পর্যায়ে করোনা পরিস্থিতির কারণে ২১ মার্চ ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। প্রবাসী প্রার্থীদের কেউ কেউ পাড়ি জমান যুক্তরাজ্যে। প্রায় সাড়ে ৬ মাস পর গত ১০ অক্টোবর পৌরসভার ভোটগ্রহণ হয়। বিজয়ী হন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রশিদ ভুঁইয়া।
- প্রণোদনার অর্থ পাচ্ছে না অনেকেই, ব্যবস্থা নিতে নির্দেশ পরিকল্পনামন্ত্রীর
- জগন্নাথবাড়ি সড়কের কাজ হয়নি ১৫ বছরেও


