তিন শাবক নিয়ে গেছে মা মেছো বাঘ

স্টাফ রিপোর্টার
শহরের ষোলঘর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের স্টোর রুম থেকে উদ্ধার করা তিনটি মেছোবাঘের শাবককে নিয়ে গেছে তাদের মা মেছোবাঘ। শুক্রবার রাত ২ টার পর দুটি শাবক ও শনিবার সকালে অন্য শাবকটি নিয়ে গেছে মা মেছো বাঘ।
পানি উন্নয়ন বোর্ডের নিরাপত্তাকর্মী আনু মিয়া জানান, শুক্রবার রাতে বাচ্চা তিনটিকে দুধ খাইয়ে স্টোর রুমে ভেতরে রাখা হয়েছিল, তবে রুমের সকল জানালা খোলা রাখা হয়েছিল। রাত ২ টার পর মা মেছোবাঘটি দু’টি বাচ্চাকে নিয়ে যায়। একটি বাচ্চা নিতে পারেনি। অন্যটিকে নিতে সকালে বেশ কয়েকবার ঘুরাফেরা করছিল মেছো বাঘটি। পরে পাশের ঝোপে শাবকটি রেখে আসলে সেটিও নিয়ে যায় মা মেছো বাঘ।
জেলা বন কর্মকর্তা বলরাম রায় বলেন, ‘পাউবোর  কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন মা মেছোবাঘটি তিনটি বাচ্চাই নিয়ে গেছে। দুইটি বাচ্চা নিয়েছে গত রাতে, অন্যটি নিয়েছে সকালে। বাচ্চাগুলো মা মেছোবাঘ না নিলে এদের বাঁচানো সম্ভব হত না। কারণ বাচ্চাগুলো দুধ ছাড়া এখন আর কিছুই খাবে না, তাছাড়া বাচ্চাগুলোর চোখ ভাল করে খোলেনি। ’  
উল্লেখ্য, শুক্রবার দুপুরে জেলা পাউবোর স্টোর রুম পরিস্কার করতে গিয়ে পাউবোর কর্মচারী ও শ্রমিকরা ওই মেছো বাঘের তিনটি দুধের শাবক দেখতে পান। সন্ধ্যার পর মায়ের কাছে ফিরিয়ে দেয়ার জন্য পাউবোর লোকজন শাবক তিনটিকে ওই রুমের ভেতরেই একটি কাঠের বাক্সের মধ্যে রেখে দেন’।