হিরন্ময় রায়
যাদের নখরে রক্তের দাগ-
তারাই পাচ্ছে ক্ষমতার ভাগ।
নতুনের ভিড়ে হারিয়েছে সেকাল
নিদানের সাথী, সেদিনের বিকাল।
মানুষের জন্য দিয়েছো জীবন-
সেই মানুষই আজ ব্রাত্য।
অনাদরে চেতনার মরণ-
ঘিরিয়া আছে বেণিয়া-আমাত্য।
নীতির সাথে আপোষ চলে আজ-
কামিনী কাঞ্চনে বিকোয় যে লাজ।
নীতিহীনতার এ যুগে-
আদর্শ বা নীতির নেই কোন কাজ।
ফরমায়েসী গল্পকথায়-
নায়কেরা খলনায়ক।
ইতিহাসে ধরেছে পোকায়-
খলনায়কেরা আজ নায়ক।
নষ্ট বীজে নষ্ট ফসল-
আগাছায় গিলেছে চারপাশ।
তোমার নামে ফেঁদেছে ব্যবসা,
তুমিই যে নেই আশপাশ।
ধান্ধাবাজীর নয়া জমানায়,
তোমার নীতি নির্বাসনে।
দহনবেলায় তোমারে হারিয়ে,
খুঁজে ফিরি দ্বারে দ্বারে।


