তুরস্কে ব্যার্থ সেনা অভ্যুত্থান-অস্ত্রের চেয়ে জনতার ঐক্যই ক্ষমতাশালী

গত শুক্রবার ফ্রান্সে বাস্তিল দিবসের অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় রক্তপাতের রেশ কাটতে না কাটতেই তুরস্কে সেনাবাহিনীর একাংশের সরকার উৎখাতের সশস্ত্র চেষ্টায় রক্তপাত-প্রাণহানি। অভূতপূর্ব ব্যাপার হলো গুলি-বেয়নেটের মুখেও সরকারের পক্ষে জনতার রাজপথে নেমে আসা। জনতার প্রতিরোধই কার্যত ব্যর্থ করে দিয়েছে নির্বাচিত সরকার হঠানোর সেনা অভ্যুত্থান।
সরকার উৎখাতের লক্ষ্যে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজপথে অবস্থান নেয়। তারা ইস্তাম্বুলের বসফরাস ও সুলতান মেহমুত সেতুর ওপর অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। তারা রাজধানী আঙ্কারা ও বৃহত্তম শহর ইস্তাম্বুলে ট্যাংক ও সাঁজোয়া যানসহ অবস্থান নেয়, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল বসায়, দেশটির গুরুত্বপূর্ণ সেতুগুলো বন্ধ করে দেয়, রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনসহ কয়েকটি গণমাধ্যম দপ্তরের নিয়ন্ত্রণও নেয়, দখল করে সরকারি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন। মধ্যরাত থেকে আচমকাই গোলাগুলি ও বিস্ফোরণে কেঁপে ওঠে ইস্তাম্বুল এবং রাজধানী আংকারা। রাষ্ট্রীয় টেলিভিশন থেকে ক্ষমতা দখলের ঘোষণা দিয়ে ডানপন্থী সরকার উৎখাতের দাবি করে অভ্যুত্থানে অংশ নেয়া দেশটির সেনাবাহিনীর একাংশ। অভ্যুত্থানকালে রাজধানী আঙ্কারা থেকে সাড়ে ৬০০ কিলোমিটার দূরে উপকূলীয় মারমারিস শহরে অবকাশ যাপনে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দূর শহরে থাকা এরদোয়ান নিজের আইফোনে অ্যাপলের ফেইস টাইম অ্যাপ ব্যবহার করে একটি ভাষণে অভ্যুত্থান ঠেকাতে জনগণকে রাজপথে, বিমানবন্দরে অবস্থান নেয়ার আহ্বান জানান। ওই বক্তব্য সিএনএন-তুর্ক টেলিভিশনে দেখানো হয়। তারপর পাল্টে যেতে থাকে দৃশ্যপট। যেসব স্থানে সৈন্যরা সন্ধ্যা থেকে অবস্থান নিয়েছিল, সরকার সমর্থকরা দলে দলে নেমে সেসব স্থানে অবস্থান নেন। স্থানীয় সময় ভোর প্রায় সাড়ে ৪টায় মারমারিস থেকে ইস্তাম্বুলে কামাল আতাতুর্ক বিমানবন্দরে পৌঁছে প্রেসিডেন্ট এরদোয়ান কড়া নিরাপত্তায় সংবাদ সম্মেলন করেন। অভ্যুত্থান চেষ্টাকারীদের রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে তিনি তুরস্কের নাগরিকদের বাইরে বেরিয়ে এসে প্রতিরোধ গড়তে আহ্বান জানান। টেলিভিশনের পর্দায় দেখা গেছে সে রাতের ভয়াবহতা। সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেনা হামলা ও পুলিশ-জনতার প্রতিরোধের বর্ণনা। পুলিশ ও সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চলিয়েছে সেনারা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে বহু মানুষ। হাতে হাত ধরে দাঁড়িয়ে রুখে দিয়েছে ট্যাংকার। তুর্কি পতাকা উঁচিয়ে গোলাবর্ষণ উপেক্ষা করে সাঁজোয়ার ওপর চড়ে বসেছে তারা। এক পর্যায়ে সৈন্যরা আত্মসমর্পণ করে পুলিশের কাছে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্র, ন্যাটোসহ বিশ্বসম্প্রদায় তুরস্কের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পক্ষেই তাদের অবস্থান ব্যক্ত করেছেন, রক্তপাত এড়ানোর কথা বলেছে রাশিয়া। তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানে ২৬৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে কমপক্ষে ১০৪ জন অভ্যুত্থানকারী বলে দাবি তুরস্ক সরকারের। তুরস্কের ডানপন্থী এরদোয়ান সরকারের কর্মকা- নিয়ে দেশ-বিদেশে সমালোচনা রয়েছে। কিন্তু কোনোভাবেই উচ্চাভিলাষী সেনাশক্তির সশন্ত্র অভ্যুত্থানের মাধ্যমে ‘নির্বাচিত সরকার’ হঠানোর প্রচেষ্টা সমর্থনযোগ্য নয়। এই অভ্যুত্থান প্রচেষ্টার নেপথ্যে ইসলামি জঙ্গিবাদের মদদের কথাও আলোচিত হচ্ছে। উল্লেখ্য, তুরস্কে এরই মধ্যে একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি ইস্তাম্বুলে বিমানবন্দরে হামলায় ১৩ বিদেশিসহ ৪২ জন নিহত হয়। ওই হামলার জন্য জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দিকেই সন্দেহের আঙুল উঠেছে। পাশের দেশ সিরিয়া বা ইরাকে আইএসের নারকীয় কর্মকা-ের কথাও সবার জানা। এই নাজুক সময়ে দেশটির মানুষ তাদের সরকারের ওপর আস্থা রাখতে চেয়েছে। এই গণপ্রতিরোধের ঘটনা বিশ্ববাসীকে আলোড়িত করেছে। প্রমাণিত হয়েছে অস্ত্র নয়, জনতার ঐক্যই প্রকৃতপক্ষে ক্ষমতাশালী। পৃথিবীর দেশে দেশে সন্ত্রাস-জঙ্গিবাদসহ সব গণবিরোধী অশুভ শক্তির তৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সাহস নিয়ে রুখে দাঁড়াতে তুরস্কের ঘটনা অনুপ্রাণিত করবে বলেই আমাদের বিশ্বাস।