তুহিনের বাবা ও চাচার ফাঁসি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে চাঞ্চল্যকর শিশু তুহিন হত্যা মামলায় বাবা আব্দুল বাছির ও চাচা নাছির উদ্দিনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। অপর আসামী চাচা আব্দুল মোছাব্বির ও জমশেদ আলীকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত। সোমবার সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এই আদেশ প্রদান করেছেন। এর আগে গত ১০ মার্চ (মঙ্গলবার) চাচাতো ভাই শাহরিয়ার আহমদ ওরফে শাহারুলকে (১৭) ৮ বছরের আটকাদেশ দিয়েছিলেন সুনামগঞ্জের শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন।।
তুহিন হত্যার ঘটনায় তার মা মনিরা বেগমের দায়ের করা মামলায় পাঁচ আসামির মধ্যে তার চাচাতো ভাই শাহরিয়ার আহমদ শিশু হওয়ায় তার বিচার হয় শিশু আদালতে। একই মামলায় অন্য চার অভিযুক্ত তুহিনের বাবা আবদুল বাছির (৪০), তিন চাচা নাছির উদ্দিন (৩৫), আবদুল মোছব্বির (৪৫) ও জমসেদ আলীর (৬০) বিচার হয় সুনামগঞ্জের দায়রা জজ আদালতে।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা জানান, আদালতের কাছে ন্যায়বিচার পাওয়া গেছে। বাদী তুহিনের মা ন্যায়বিচার পেয়ে সন্তষ্ট হয়েছেন।
গত বছরের ১৪ অক্টোবর দিরাই উপজেলার কেজাউরা গ্রামে এই নৃশংস হত্যাকা-ের ঘটনা ঘটে। সকালে বাড়ির পাশের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তুহিনের রক্তাক্ত লাশ পাওয়া যায়। তুহিনের গলা, দুই কান ও যৌনাঙ্গ কাটা ছিল। পেটে বিদ্ধ ছিল দুটি ছুরি। এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে পরদিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ তুহিনের বাবা, তিন চাচা ও এক চাচাতো ভাইকে গ্রেপ্তার করে।