তৃতীয় দিন শেষে ৭৫ রানে এগিয়ে বাংলাদেশ

সু.খবর ডেস্ক
কলম্বোতে নিজেদের শততম টেস্টের তৃতীয় দিনে সাকিব আল হাসান শতক আর সৌম্য-মুশফিক-মোসাদ্দেকের অর্ধশতকে ভর করে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার চেয়ে ৭৫ রানে এগিয়ে আছে মুশফিকের দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে শুরুটা ভালোই করেছে স্বাগতিকরা। বিনা উইকেটে ৫৪ রান করেছে দলটি। দিমুথ করুনারত্নে ও উপুল থারাঙ্গা দুজনই ২৫ রান করে অপরাজিত রয়েছেন। ১২৪ রান পিছিয়ে থেকে তৃতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে লঙ্কান বোলারদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন সাকিব ও মুশফিক। মধ্যাহ্নভোজের আগে শ্রীলঙ্কার চেয়ে মাত্র ২২ রানে পিছিয়ে ছিল মুশফিকের দল। বিরতির পর পর লাকমলের বলে বোল্ড হওয়ার আগে ৫২ রান করেন মুশফিক।
এরপর উইকেটে এসে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সৈকত। দলীয় ৪২১ রানে সান্দাকানের বলে চান্দিমালকে ক্যাচ দিয়ে ১১৬ রানের মাথায় আউট হন সাকিব। এরপর সৈকত ও মিরাজ মিলে আরেকটা ভালো জুটি বাঁধেন। তবে ব্যক্তিগত ২৪ রানে মিরাজ আউট হওয়ার পর ভেঙে যায় বাংলাদেশের প্রতিরোধ। পরের বলে মুস্তাফিজকেও ফেরান হেরাথ। এরপর ৭৫ রানে হেরাথের বলে সৈকত স্টাম্পিং হলে ৪৬৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
গতকাল শ্রীলঙ্কার ৩৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে  প্রথম ইনিংসে ভালোই জবাব দিচ্ছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনশেষে শ্রীলঙ্কার চেয়ে ১২৪ রানে পিছিয়ে ছিল মুশফিকের দল। ৪৯ রানে আউট হয় তামিম। হেরাথের বলে লেগবিফোর হন বাংলাদেশি ওপেনার। এরপর হাফ সেঞ্চুরি করার পর আউট হন সৌম্য সরকার। সান্দাকানের বলে বোল্ড হন এই ওপেনার।
সৌম্য বিদায় নেওয়ার পর ইমরুল কায়েস ও সাব্বির রহমান মিলে ৬২ রানের জুটি গড়েন। এর পরই টাইগার শিবিরে জোড়া আঘাত হানেন সান্দাকান। ৫৭তম ওভারের চতুর্থ বলে ইমরুল কায়েস ও পঞ্চম বলে তাইজুল ইসলামকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন এই বোলার। এর পরের ওভারে সাব্বিরকে ফিরিয়ে দেন লাকমল। ফলে দিন শেষে কিছুটা চাপে পড়ে  টাইগার। তবে আজ তা কাটিয়ে উঠে দিন শেষে বাংলাদেশই এগিয়ে।