ত্রাণের জন্য ভিক্ষুক হতে মানুষের ঢল

পি সি দাশ, শাল্লা
সরকার ভিক্ষুকদের পুর্ণবাসন করার লক্ষ্যে সারা দেশব্যাপী ভিক্ষুক তালিকা প্রণয়ন করছে। এরই অংশ হিসেবে শাল্লা উপজেলায়ও এই কার্যক্রম শুরু হয়েছে। ভিক্ষুক তালিকায় নাম উঠানোর জন্য প্রতিদিন অসংখ্য মানুষ ভীড় করছে সমাজসেবা অফিসে। এনিয়ে বিপাকে পারেছে সমাজসেবা অফিসের লোকজন। অথচ যারা প্রকৃত ভিক্ষুক এলাকার মানুষ তাদেরকে ভাল করেই চিনে ও জানে। হাতেগুনা নামে মাত্র কয়েকজন ভিক্ষুক রয়েছে এই এলাকায় অথচ ভিক্ষুক হওয়ার জন্য অসংখ্যা আবেদন। মঙ্গলবার বেলা ১১ টায় সমাজসেবা দপ্তরে গিয়ে এই দৃশ্য লক্ষ্য করা যায়। এসময় বাহাড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যা হালিমা বিবি ও সদস্য ব্রজলাল দাস, হবিবপুর ইউপির সদস্য রতিন্দ্র দাসসহ বেশ কয়েকজন তাদের মনোনিত লোকদের ভিক্ষুক তালিকায় নাম অর্ন্তভূক্ত করার জন্য সমাজসেবা অফিসের লোকজনকে সুপারিশ করছেন। এবিষয়ে ব্রজলাল দাস জানায় আমার নিজ ওয়ার্ডে ১ জন প্রকৃত ভিক্ষুক আছে।  কিন্তু অনেকেই        আসছে এই তালিকায় নাম নিবন্ধন করানোর জন্য ।
সমাজসেবা দপ্তরের ইউনিয়ন সমাজকর্মী শৈলেন্দ্র চৌধুরী বলেন, আমরা খুব বিপদে পড়েছি। স্যার (্ইউএনও) নির্দেশ দিয়েছেন ভিক্ষুক তালিকা তৈরিতে সহায়তা করার জন্য। কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে সঠিক ভিক্ষুকের তালিকা তৈরি করা ।
তিনি বলেন, ইতিপূর্বে ৪ জন প্রকৃত ভিক্ষুককে পুর্নবাসন করা হয়েছে। তখন ভিক্ষুক পাওয়ার জন্য আমরা বহু কষ্ট করেছি । এখন দেখছি অনেকেই আসছে ভিক্ষুক হওয়ার জন্য। ইউপি সদস্য, সদস্যারাও বিভিন্ন জনের নাম তালিকায় অন্তর্ভূক্তির জন্য সুপারিশ করছেন। সে কারণে সমস্যা আরও বড় আকার ধারণ করেছে । এখন মানুষকে সামাল দিতে পারছি না ।
হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল বলেন, আমি চিঠি পেয়েছি ভিক্ষুক তালিকা তৈরি করার। কিন্তু তালিকা তৈরি করছে সমাজসেবা অফিস। তারা কি করে তালিকা তৈরি করছে আমরা জানি না। তবে অনেকেই ভিক্ষুক তালিকায় নাম লিখার জন্য তার নিকট আসছে বলেও তিনি জানান ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুম বিল্লাহ বলেন, যে বা যারাই আবেদন করেন না কেন যাচাই বাছাই করেই সঠিক তালিকা তৈরি করা হবে।