সরকারি সহায়তার চাল নিয়ে দুর্নীতিসংক্রান্ত বিষয়ে প্রতিদিনই কোন না কোন এলাকার সংবাদ গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। শুধু গতকালই দৈনিক সুনামগঞ্জের খবরে তিন তিনটি সংবাদ ছাপা হয়েছে। সংবাদগুলো হলোÑ তাহিরপুরের দক্ষিণ বড়দল ইউনিয়নে ভিজিএফ সহায়তাপ্রাপ্তদের নিকট থেকে পরিবহন খরচের নাম করে টাকা আদায় করা, দোয়ারাবাজারের বোগলাবাজার ইউনিয়নে পাচারকালে জিআর কর্মসূচীর ১৪ বস্তা চাল আটক এবং ছাতকে ওএমএস ডিলারদের দ্বারা গরিব মানুষের মাঝে চাল বিতরণ না করে পুরো বরাদ্দ কালোবাজারে বিক্রি করে দেয়া। মানুষের দারিদ্রতা নিয়ে এমন দুর্নীতি সত্যিকার অর্থে কোন মানুষের কাজ হতে পারে না। অনুরুপ কাজ যারা করছেন তারা চেহারা সুরতে মানুষ হলেও স্বভাবে চরম অমানবিক। সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো নানাস্থানে এন্তার দুর্নীতি ঘটতে চললেও কোথায় দৃষ্টান্তমূলক কোন সাজা কাউকে পেতে দেখি না আমরা। অবস্থাদৃষ্টে মনে হয় এইসব দুর্নীতি আমাদের গা সওয়া হয়ে গেছে এবং এগুলোকে নিতান্তই মামুলি ঘটনা হিসেবে দেখছি আমরা সকলে। এই গা সওয়া ভাবের কারণে দুর্নীতিবাজরা বেপরোয়া থেকে উন্মত্ত হয়ে উঠছে। অচিরেই দুর্নীতিবাজদের উপযুক্ত সাজা দিতে না পারলে এটি মহামারির মতো সর্বত্র চড়িয়ে পড়বে।
আমাদের ছাতক প্রতিনিধি জানিয়েছেন সেখানে কিছু ওএমএস ডিলার বরাদ্দকৃত চাল খাদ্যগোদাম থেকে তোলে অকুস্থলেই বিক্রি করে দেন, কেউ কেউ বা আরেক কাঠি এগিয়ে শুধু ডিও গ্রহণ করে সেটি হাতবদল করে ফেলেন। ছাতকের ওএমএস ডিলারদের এই চরম দুর্নীতিগ্রস্ততা আমাদের হতবাক করে দেয়। প্রতিটি ওএমএস বিক্রয় কেন্দ্রে একেকজন সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে থাকেন। তদুপরি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা রয়েছেন। রয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা খাদ্য কর্মকর্তা। তদারক করার জন্য এত এত কর্মকর্তা থাকার পরও ডিলাররা কীভাবে পুরো এলটম্যান্ট বাইরে বিক্রি করে দেন তা ভাবার বিষয় বৈকি। এই কাজে কি তাদেরও প্রচ্ছন্ন সমর্থন রয়েছে? নতুবা অন্তত কিছুটা চুরিচামারি হলেও এমন পুকুর চুরি কোনভাবেই সম্ভব হতো না। ছাতকের এই বিষয়টির প্রতি আমরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে তড়িৎ এই বিষয়টির উপর জেলা প্রশাসনের নজরদারি শুরু করা উচিৎ। অভিযোগের কোন সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা গ্রহণের অনুরোধ আমাদের।
সীমাহীন দুর্নীতি আর প্রাকৃতিক দুর্যোগ মিলিয়ে স্মরণকালের ভয়াবহ ফসলহানির পর দুর্গত মানুষের সহায়তায় যেখানে সকলকে মানবিক মূল্যবোধ নিয়ে ঝাঁপিয়ে পড়ার কথা তখন এই দুর্যোগকালে কিছু মানুষের দুর্নীতিগ্রস্ত মানসিকতা আজ আরেক মহাদুর্যোগ হিসেবে সকলের সামনে উঠে এসেছে। দুর্নীতিদমন কমিশন বাঁধ দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করেছে। এখন প্রয়োজন ত্রাণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদকের এ্যাকশন। আমাদের প্রশাসনিক কর্তৃত্ব ও সামাজিক নেতৃবৃন্দের একটি অংশ স্বভাবগত দুর্নীতিবাজে পরিণত হয়েছেন। ভাল কথায় কখনও এদের বোধোদয় হবে না। এদের লোভের জিহ্বা সংযত করতে দরকার কঠোরতা। কঠোরতাটি অবশ্যই হতে হবে আইনানুগ পন্থায়। ত্রাণ নিয়ে প্রতিদিন সংবাদপত্রের পাতায় অনিয়ম দুর্নীতির যে অভিযোগগুলো উঠছে সেগুলোকে দুর্নীতিনিরোধ সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠানগুলোর আমলে নেয়া দরকার। মনে রাখা দরকার শ্লথ মানসিকতা বা এড়িয়ে যাওয়া যেকোন বিষয়কে আরও কঠিন করে তুলে। তাই মহামারি শুরু হওয়ার আগেই প্রতিষেধকের ব্যবস্থা গ্রহণ করাটা উত্তম। মানুষের অভাব নিয়ে যারা দোকানদারি করে কোনভাবেই তাদের প্রতি নমনীয়তা নয়। এই লোভী দুর্নীতিবাজদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা এখন কাম্য।
- ষোড়শ সংশোধনী বাতিল আপিলের রায় জনগণের বিজয় -বিএনপি
- প্রশ্ন আইনমন্ত্রীর- ৭২-এর ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপন কীভাবে সংবিধান পরিপন্থী হয়?

