ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না- জেলা প্রশাসক

জগন্নাথপুর অফিস
জেলা প্রশাসক আবদুল আহাদ বলেছেন ত্রাণ বিতরণে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না। সরকারের বন্যা দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তা চালিয়ে যাচ্ছে। আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব ত্রাণ বন্যা কবলিত মানুষের ঘরে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে মাঠে কাজ করছি।
তিনি বলেন, গত চার সপ্তাহ ধরে সুনামগঞ্জের মানুষ বন্যা কবলিত হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বন্যা কবলিত মানুষের পাশে সরকার মানবিক সহায়তায় হাত বাড়িয়েছে। যাতে কোন মানুষ খাদ্য সংকটে না ভোগেন সে বিষয়টি আমরা নিশ্চিত করছি।
বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণী সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত’র সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, ভারপ্রাপ্ত পৌর মেয়র সফিকুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কাউন্সিলর আবাব মিয়া, সাবেক কাউন্সিলর লুৎফুর রহমান প্রমুখ।
আশ্রয় কেন্দ্রে নতুন করে আশ্রয় নেওয়া ১৫ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক আবদুল আহাদ জানান, ইতিমধ্যে ৫০ লাখ টাকার মানবিক সহায়তা ও ৮৭০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি গবাদিপশু ও শিশু খাদ্যর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। ১৫৯৩ মেট্রিকক টন চাল লাখ ৫৯ হাজার পরিবারের মধ্যে বিতরণের কাজ চলছে।