ত্রাণ বিতরণ-তাহিরপুরে লেবানন প্রবাসী শ্রমিক ইউনিয়ন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
লেবানন প্রবাসী বাংলাদেশী শ্রমিক ইউনিয়নের অর্থায়নে তাহিরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি তাহিরপুর শাখার আয়োজনে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত গোবিন্দশ্রী, ঠাকুরহাটি, ভাটি তাহিরপুর, রতনশ্রী, সূর্যেরগাঁও, গাজীপুর, টাকাটুকিয়া, জামালগড়, আমবাড়ি, চিলাইন তাহিরপুর, মধ্য তাহিরপুর, উজান তাহিরপুর, চিকসা, রসুলপুর 
সহ ১৪টি গ্রামের ১শ কৃষক পরিবারকে ৫শ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ত্রাণ বিতরণের পূর্বে কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির, লেবানন প্রবাসী বাংলাদেশী শ্রমিক ইউনিয়ন নেত্রী অজন্তা ইসলাম, এনডিএফের কেন্দ্রীয় নেতা রহমত আলী, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, মাদারীপুর জেলার শ্রমিক নেতা জাকির হোসেন সরকার, কিরন ফকির, কৃষক সংগ্রাম সমিতির তাহিরপুর শাখার সভাপতি ছয়ফুল ইসলাম, সহ সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক আকিকুর রেজা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বন্যা ও অকাল বন্যা রোধে নদ নদী খনন সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা এবং ক্ষতিগ্রস্ত মানুষকে পর্যাপ্ত ত্রাণ প্রদানের জন্য সরকারের প্রতি জোর আহবান জানান।
এরপর আর্থিক সহায়তা সরাসরি  কৃষকদের হাতে  তুলে দেন লেবানন প্রবাসী বাংলাদেশি শ্রমিক ইউনিয়ন নেত্রী অজন্তা ইসলাম এবং এনডিএফ. এর কেন্দ্রীয় নেতা রহমত আলী।