ত্রিভুজ প্রেমের শিকার ২ তরুণী প্রেমিকের বাবা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের বাগানি গ্রামের আক্তার মিয়ার ত্রিভুজ প্রেমের কাহিনী গত দুই দিন ধরে এলাকায় আলোচ্য বিষয় হয়ে ওঠেছে। এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন প্রেম করে হঠাৎ করে তার (ঐ তরুণীর সঙ্গে) সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়ে আরেক অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে নিয়ে পালিয়েছে আক্তার (২২)। এ ঘটনায় বঞ্চিত মেয়েটির বাবা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। পুলিশ আসামী আক্তারকে না পেয়ে তার বাবা আব্দুস সালামকে আটক করেছে।
পুলিশ ও গ্রামবাসী জানান, জামালগঞ্জের  
বেহেলী ইউনিয়নের বাগানি গ্রামের আব্দুস সালামের ছেলে আক্তার মিয়ার (২২) সঙ্গে গ্রামেরই এক তরুণির প্রেম ছিল। কিছুদিন হয় ঐ মেয়েকে এড়ানোর চেষ্টা করছিল আক্তার। গত ২০ ডিসেম্বর ঐ তরুণী প্রেমিকের বাড়িতে ওঠে বিয়ের জন্য চাপ দেয়। বিয়ে না করা পর্যন্ত সে বাড়ি ছাড়বে না বলেও জানিয়ে দেয়। পরে ছেলে ও মেয়ে পক্ষ বিয়ের আয়োজন করে। বিয়ের দিন-তারিখও ঠিক হয়। এর মধ্যেই গত ২৬ ডিসেম্বর একই গ্রামের আরেক অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে নিয়ে পালায় আক্তার।
এ ঘটনার পর প্রেমিকা তরুণীর বাবা গত ২৭ ডিসেম্বর জামালগঞ্জ থানায় আক্তারকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই আক্তারের বাড়িতে গিয়ে আক্তারকে না পেয়ে তার বাবা আব্দুস সালামকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।
জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বলেন,‘বিষয়টি এলাকায় ব্যাপক আলোচিত, অমানবিকও, আমরা চেষ্টা করছি আসামী আক্তারকে গ্রেপ্তার করতে।’