দক্ষিণ সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশায় প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছে ইউনিয়নের সিদখাই গ্রামবাসী। রোববার দুপুর ১২টায় সিদখাই জামে মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন মনু মিয়া ও তেরাব আলী।
বক্তারা বলেন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন ও ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার সমুজ আলী সহায়তায় প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। মনু মিয়ার বাড়ির রাস্তা থেকে সিদখাই প্রাইমারি স্কুল পর্যন্ত রাস্তা দেখিয়ে ২ লক্ষ ৬০ হাজার টাকার প্রকল্প বরাদ্দ এসেছিল। দুই জনপ্রতিনিধি বলেছিলেন, নিজেদের টাকা দিয়ে রাস্তা করাতে। বরাদ্দ আসলে টাকা দিয়ে দেবেন। বরাদ্দ এসেছে, জনপ্রতিনিধিরা টাকা উত্তোলনও করেছেন, কিন্তু গ্রামবাসী একটি টাকাও পায়নি।
বক্তারা আরো বলেন, একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছিলো। সে কমিটির সাধারণ সম্পাদক রাখা হয় মনু মিয়াকে। মনু মিয়া বলেন, আমি জানিও না আমি পিআইসির সেক্রেটারি। আমার স্বাক্ষর জালিয়াতি করে টাকা উত্তোলন করেছেন আত্মসাতকারীরা। এখন আবার কুৎসা রটানো হচ্ছে আমাদেরকে ১ লক্ষ ৮৩ হাজার টাকা দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা। একটি টাকাও আমরা পাই নি
মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রাক্তন মেম্বার হামিদুর রহমান বতু, আবদুল মজিদ, গ্রামের প্রবীণ মুরব্বি আবদুল হান্নান, ফিরোজ আলী, মো. আবদুল হান্নান, হরমুজ আলী, চাঁন্দাব আলী, কদ্দুছ আলী, সফর আলী, সাজ্জাদ মিয়া, আবদুল খালিক, আনর আলী, আফজল আলী, জয়নাল আলী, মজমিল আলী, সাজিদ আলী, দুদু মিয়া, আলী হোসেন, শাহাব উদ্দিন, ফয়জুল ইসলাম, সেলিম মিয়া, শসুল হক, আখলিছ আলী, খাচাব আলী, খাচাই মিয়া, আবদুল হাশিম, আলতাব আলী, ছালেক মিয়া, কদর আলী, শাহিদ মিয়া, আমিরুল ইসলাম, সেবুল মিয়া, আশাদ মিয়া, মশাদ মিয়া, খালেছ মিয়া, রফিক মিয়া ও আলী রহমান প্রমুখ।
দরগা পাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির উদ্দিন বললেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, আমাকে হেয় করার জন্য একটি পক্ষ মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন। আমি প্রকল্প বাস্তবায়ন কমিটির কেউ নয়। এক লাখ ৮৩ হাজার টাকা উত্তোলন করেছেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। আমাকে ঝড়ানো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে।