দক্ষিণ সুনামগঞ্জে করোনা আক্রান্ত আরও ৫ জন

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় একদিনেই সর্বোচ্চ ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের একজন (৪৮), পাগলা পশ্চিম পাড়ার একজন (৪৯), পাগলা শত্রুমর্দনের একজন (২২) ও জয়কলস ইউনিয়নের ডুংরিয়া (ঘরোয়া) গ্রামের একজন (৩২) এবং অন্য আরেকজন উপজেলা পল্লীবিদ্যুৎ অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত (২৭)। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জনে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবির) ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার তাদের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে বলেও জানায় উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, আপাতত নতুন আক্রান্তদেরকে তাদের নিজেদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে হাসপাতাল আইসোলশনে পাঠানো হবে।