দক্ষিণ সুনামগঞ্জে করোনা সংক্রমণ রোধে প্রচারাভিযান

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের ডাকা কঠোর লকডাউন মানতে প্রচারাভিযান পরিচালনা করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান।
সোমবার বিকাল ৪টায় উপজেলার পাগলা বাজারে এ অভিযান পরিচালিত হয়েছে। এ ছাড়াও দিনব্যাপী উপজেলাজুড়ে সচেতনতামূলক মাইকিং করা হয়।
এ ব্যাপারে ইউএনও মো. আনোয়ার উজ জামান বলেন, করোনা সংকট মোকাবিলায় সরকারি নির্দেশ মানা খুবই জরুরি। এ সম্পর্কে মানুষ খুব একটা সচেতন নন। তাদেরকে সচেতন করতে আমরা সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছি। আজ মানুষকে সচেতন করতে পাগলা বাজারে প্রচারাভিযান করেছি। সতর্ক করে দিয়েছি। যাদের দোকানপাট খোলা ছিলো তাদের দোকান বন্ধ করতে বলেছি। সরকারি নির্দেশ না মানলে আমরা কঠোর হবো। সবাইকে সচেতন হওয়ার আহ্বান করছি। করোনা সংক্রমণ ঠেকাতে সকলের সহযোগিতাও কামনা করছি।
এসময় দক্ষিণ সুনামগঞ্জ থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।