দক্ষিণ সুনামগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, ৫ লক্ষ টাকার মালামাল লুট

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঐ বাড়ি থেকে নগদ ২ লক্ষ টাকা, ৪ভরি স্বর্ণ ও ১৩টি স্মার্ট ফোন সহ ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী গ্রামে।  
জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টায়    
মুখোশধারী ১৫-২০ জনের সংঘবদ্ধ ডাকাত দল ঐ বাড়িতে ঘরের দক্ষিণের কেছি গেইটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে ইউনুছ আলী ও তার পরিবারের সকল সদস্যকে এক রুমে বেঁধে মারপিট করে ঘরের স্টিলের আলমিরা থেকে নগদ ২ লক্ষ টাকা ৪ ভরি স্বর্ণ ও ১৩টি স্মার্ট ফোন লুটপাট করে নিয়ে যায়।
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশকে খবর দিলে থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ভোর ৫টায় ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন। এ সময় পুলিশ ঐ বাড়ির পাশে আমন খেতে ২টি স্মার্ট ফোন পরিত্যাক্ত অবস্থায় দেখতে পেয়ে তা উদ্ধার করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখান থেকে ২টি স্মার্ট ফোন আমন ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছি। বিষয়টির তদন্ত চলছে।