সোহেল তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্মাণ করা হবে ২টি মুজিব কিল্লা। উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা গেছে, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপির প্রচেষ্টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াগাঁও (কাকিয়ারপাড়) গ্রামে ১টি ও উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পূর্ব হাটির পূর্বের মাঠে ১টি মুজিব কিল্লা নিমার্ণ করা হবে।
কিল্লায় দুর্যোগকালীন আশ্রয়ের পাশাপাশি অন্য সময় শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হবে। ব্যবহার করা যাবে খেলার মাঠ ও হাট-বাজার, গ্রাম ও ইউনিয়ন কমিউনিটির বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সভা, প্রশিক্ষণ কার্যক্রমর স্থান হিসেবে। সর্বোপরি দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন বা দুর্যোগ পরবর্তী সময়ে অস্থায়ী সেবাকেন্দ্র হিসেবেও ব্যবহার করা যাবে এই মুজিব কিল্লা।
এই দুটি প্রকল্প বাস্তবায়নের জন্য গত ৭ই ফেব্রুয়ারি প্রস্তাবিত জমি পরির্দশন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসময় বুয়েটের কারিগরি বিভাগের ২জন প্রতিনিধি ও উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম সহ সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধি দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর কালাম জানান, আমার ইউনিয়নের মুজিব কিল্লা নির্মাণ হলে এলাকার জনগণ অনেক উপকৃত হবেন। আমি আমার ইউনিয়নের জনসাধারণের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ মিয়া জানান, আমার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই মুজিব কিল্লা নিমার্ণ করা হলে হাওর পাড়ের দরিদ্র জণগোষ্ঠির উপকার হবে। বিশেষ করে এই গ্রামটি একেবাবে হাওরের মাঝে হওয়ায় যে কোন দুর্যোগে তারা ক্ষতিগ্রস্ত হতো। এটি নিমার্ণ করা হলে সকল দুর্যোগে তারা আশ্রয় নিতে পারবে।
উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস উপ সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ২টি প্রকল্পের প্রস্তাবিত জমি প্রতিনিধি দলের সদস্যরা পরিদর্শন করেছেন। আশা করা হচ্ছে চলতি বছরে এই প্রকল্পগুলোর কাজ শুরু হবে।


