দক্ষিণ সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রীকে সংবর্ধনা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মন্ত্রী সভায় অনুমোদন লাভ করায় জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দে ভাসছেন সুনামগঞ্জবাসী। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপির ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেনের নেতৃত্বে, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপজেলার পাগলা পয়েন্ট, বড়কাপন পয়েন্ট, ডাবর পয়েন্টে পরিকল্পনামন্ত্রীকে সংর্বধনা প্রদান করেন।
অন্যদিকে উপজেলা কৃষকলীগের পক্ষে কৃষকলীগের আহ্বায়ক ফয়জুর রহমান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল গনি ভান্ডারী, যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ, আমির উদ্দিন ও সদস্য মুরতাজ আহমদের নেতৃত্বে দুইশতাধিক মোটর সাইকেল শোভা যাত্রা বের করে উপজেলার দামোধরতপী পয়েন্ট থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপিকে সংর্বধনা দিয়ে মোটর সাইকেল শোভাযাত্রার মধ্যদিয়ে নিয়ে আসেন।
এদিকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বেলা ১১টায় পাগলা বাজারে এসে পৌছলে পাগলা সরকারী মডেল হাইস্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ পৃথকভাবে ফুল দিয়ে পরিকল্পনামন্ত্রীকে এ সংবর্ধনা জানান।
সংবর্ধনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করা হয়। এছাড়াও পাগলা সরকারী হাইস্কুল এন্ড কলেজের পক্ষ থেকে পরিকল্পনামন্ত্রীর উদ্দেশে একটি মানপত্র রচনা করা হয়।
সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-২ আসনের সাংসদ জয়া সেনগুপ্ত, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন্নাহার শাম্মী, পশ্চিম পাগলা ইউপির চেয়ারম্যান নুরুল হক, পাগলা সরকারী মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রমিজ উদ্দিন, সহকারী শিক্ষক দিলীপ কুমার তালুকদার, সহকারী শিক্ষক শাহজাহান মিয়া, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।