স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিনের নেতৃত্বে সংগঠনের একাংশের নেতারা দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন। এসময় লিখিত আবেদনে তারা বলেছেন, ‘সংগঠনের উপজেলা কমিটিতে ত্যাগীদের রাখা হয়নি’।
লিখিত আবেদনে আরো উল্লেখ করা হয়েছে ‘জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীকে দায়িত্ব দেবার পর বিভিন্ন উপজেলায় দলীয় কোন্দল বেড়েছে। দক্ষিণ সুনামগঞ্জে জেলা আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী ত্যাগীদের বাদ দিয়ে কমিটি করেছেন।’ আবেদনে কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনেরও দাবী জানানো হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছার উদ্দিন বলেন, ‘রোববার রাত সাড়ে ৯ টায় দলীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে আমরা লিখিত আবেদন করেছি।’ এসময় দক্ষিণ সুনামগঞ্জের ১৫ জন বিএনপি নেতা উপস্থিত ছিলেন দাবী করেন আনছার। আনছার জানান, রাত সোয়া ১২ টায় গুলশান অফিসে দলীয় চেয়ারপার্সনের সঙ্গেও তারা সাক্ষাৎ করেছেন।
দলীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর লিখিত আবেদন গ্রহণ করে ৭ দিনের মধ্যে সমন্বয় করে প্রতিবেদন জমা দেবার জন্য কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াৎ হোসেনকে নির্দেশ দিয়েছেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ এ প্রসঙ্গে বলেন, ‘দক্ষিণ সুনামগঞ্জে সম্মেলন করে কমিটি গঠন হয়েছে। অভিযোগ কেন্দ্রীয় নেতাদের কাছে দলীয় যে কোন পর্যায়ের নেতা কর্মীরা করতে পারেন। মহাসচিব বা কেন্দ্রীয় নেতৃত্ব যে কোন সিদ্ধান্তও নিতে পারেন। কেন্দ্রীয় মহাসচিব দলীয় সাংগঠনিক সম্পাদককে বিষয়টি দেখার জন্য এবং সমন্বয় করে দেবারও নির্দেশ দিয়েছেন। এই অবস্থায় অভিযোগকারীরা সংগঠনের অভ্যন্তরীণ বিষয় গণমাধ্যমে না পাঠালেও পারতেন।’
- জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৯৯৮ জন
- ঢাকায় তাহিরপুরের নারী জঙ্গি গ্রেফতারে এলাকায় তোলপাড়


