দর্শক সমর্থন চাইলেন ঐশী

স্টাফ রিপোর্টার
‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’ দ্বিজেন্দ্রলাল রায়ের দেশাত্মবোধক গানের মধ্যে দিয়ে শুরু হয় হাওর কন্যা খ্যাত ঐশির গানের অনুষ্ঠান। রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে থিয়েটার সুনামগঞ্জ। সংগীতশিল্পী অন্বেষণে বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো ‘ফিজ আপ-চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৭’ এর কল্যাণে রাকিবা ইসলাম ঐশি এখন সারাদেশে পরিচিত একটি নাম।
সন্ধ্যায় পর থেকেই ধীরে ধীরে শ্রোতাদের পদচারণায় ভরে উঠে মিলনায়তন। মধুময় কন্ঠে সুরের মন মাতানো আওয়াজ বা গানে শ্রোতাদের গানের পিপাসা মেটাতে গুণী ও কিংবদন্তী সব সঙ্গীত পরিবেশন করেন ঐশি। একে একে গাইলেন ‘আগে    যতি জানতাম’, ‘দিন যায় কথা থাকে’ সহ বিভিন্ন জনপ্রিয় গান। এসময় চ্যানেল আই সেরা কন্ঠে সেমিফাইনাল রাউন্ডে অবস্থানকারী হাওর কন্যা রাকিবা ইসলাম ঐশী চ্যানেল আই এ সেরা কন্ঠে নির্বাচিত করার জন্য সকলের কাছে দোয়া ও সমর্থন চান।
এর মধ্যে নৃত্য পরিবেশন করেন দ্বিপান্বিতা দে হিয়া। এছাড়াও গাইলেন আরমান ইসলাম প্রিয় ও আহসান জামিল আনাস।
মাঝখানে খনিক বিরতি দিয়ে ঐশি আবার গাইলেন ‘সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া’, ‘আজি গানের তালে তালে হৃদয় দোলে’, ‘তুমি বিনে আকুল পরান’, ‘আমার গলার হার’, ‘রঙ্গের বারই’। জনপ্রিয় গানপ্রিয় শ্রোতা দর্শক কি ভুলে যেতে পারে? কখনোই না। সংগীতপ্রিয় শ্রোতাদর্শকের উপস্থিতি ও স্বতস্ফূর্ততা যেন বুঝিয়ে দিল তা।
ঐশির গানের সাথে ব্যান্ডে ছিলেন রুম্মান আলতাফ। এছাড়াও তবলায় অঞ্জন চৌধুরী, প্রতীক ও আইমান ইসলাম প্রিয় গিটার এবং কি-বোর্ডে ছিলেন সন্তোষ কুমার মন্তোষ।