দলীয় ঐক্যের জন্য প্রার্থী সুরঞ্জিত পরিবার থেকে

আবু হানিফ চৌধুরী, দিরাই
আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের নির্বাচনী এলাকার দিরাই উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে দিরাই-শাল্লার উপ-নির্বাচনে সুরঞ্জিতের পরিবার থেকেই প্রার্থী চাওয়ার। এই প্রস্তাব লিখিত আকারে জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোরও সিদ্ধান্ত হয়। বুধবার বেলা ১১ টা থেকে ২ টা পর্যন্ত দিরাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্যের মধ্যে ৫১ জন উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদারের সঞ্চালনায় সভায় একে একে বক্তব্য রাখেন- সিনিয়র সহসভাপতি অ্যাড সোহেল আহমদ, সহসভাপতি সিরাজ দৌলা তালুকদার, সহসভাপতি জগদীশ সিংহ সামন্ত, যুগ্মসাধারণ সম্পাদক রশিদ মিয়া, কোষাধ্যক্ষ মহিবুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক বিকাশ রায় প্রমুখ।
সভায় বক্তারা বলেন,‘৫০ বছরেরও বেশি সময় ধরে দিরাই-শাল্লার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। দিরাই-শাল্লার প্রত্যন্ত গ্রামের ভোটারের পরিবারের সঙ্গেও নিবিড় সম্পর্ক ছিল সুরঞ্জিত সেন গুপ্তের। তাঁর মৃত্যু শোক কাটিয়ে ওঠতে পারছে না দিরাই-শাল্লাবাসী। অনেকে ছবি বুকে নিয়ে কাঁদেন। দিরাই-শাল্লায় গত ৮ বছরে বহু উন্নয়ন হয়েছে। দিরাই-শাল্লার সড়কসহ অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে। সুরঞ্জিত সেন গুপ্তের শূন্যতা পূরণ হবার নয়। তবে তাঁর পরিবারের কেউ প্রার্থী হলে শোকাহত ভোটাররা কিছুটা হলেও শান্তি খোঁজে পাবেন। এজন্যই আমরা সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেন গুপ্ত অথবা তাঁর ছেলে সৌমেন সেন গুপ্তকে প্রার্থী দেখতে চাই।’
সভায় উপস্থিত দিরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ দৌলা তালুকদার বলেন,‘দিরাই-শাল্লা আওয়ামী লীগে কোন গ্রুপিং নেই। সুরঞ্জিত সেন গুপ্তের নেতৃত্বে এই নির্বাচনী এলাকার    আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিল। সুরঞ্জিত বাবু’র মৃত্যুর শোকাহত দলের নেতা কর্মীরা আরো ঐক্যবদ্ধ হয়েছেন। তৃণমূল থেকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা দাবী তুলেছেন আমরা যেন সর্ব সম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় মনোয়ন বোর্ডে সুরঞ্জিত বাবু’র পরিবার থেকে প্রার্থী করার দাবি তুলি। আমরা কর্মীদের বুঝিয়ে রেখেছি। শ্রাদ্ধানুষ্ঠানের পর পরই আনুষ্ঠানিকভাবে কার্যকরী কমিটির সভা করে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে পাঠানোর কথা বলেছি। আজকের সভায় সকলেই একমত হয়ে বলেছেন দলকে ঐক্যবদ্ধ রাখতে দিরাই-শাল্লায় দলীয় শৃঙ্খলা ধরে রাখতে সেন বাবু’র পরিবারের বিকল্প নেই’।
সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার বলেন,‘৬৭ সদস্যের উপজেলা কমিটির ৫১ জন সভায় উপস্থিত ছিলেন। উপজেলার সকল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন। একজনও ভিন্নমত দেখাননি। সকলে বলেছেন প্রিয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যু শোককে শক্তিতে পরিণত করেই এগুতে হবে। সুরঞ্জিত সেন গুপ্তের পরিবারের সদস্য ছাড়া অন্য কাউকে প্রার্থী করা হলে দিরাই-শাল্লায় দল টুকরো-টুকরো হয়ে যাবেও বলে মন্তব্য করেছেন কার্যকরী কমিটির সদস্যরা। সভার শুরুতেই প্রয়াত নেতা সুরঞ্জিত সেন গুপ্তের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা ও শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে বড় আকারের শোক সমাবেশ আয়োজনেরও সিদ্ধান্ত হয় সভায়।’
দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দার বলেন,‘দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে এবং বর্ষিয়ান রাজনীতিক সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্য শোক কাটিয়ে দলকে উজ্জীবিত করতে হলে তাঁর পরিবার থেকেই প্রার্থী করতে হবে। এজন্যই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। জেলা নেতৃবৃন্দের মাধ্যমে আমরা এই সিদ্ধন্ত কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠাব’।